ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলায় লিখে পরিচিতি পাওয়া মাসকাওয়াথ আহসানের ইংরেজি সাহিত্যে অভিষেক হলো একুশে বইমেলায়। ইরেজিতে লেখা মাসকাওয়াথের প্রথম গল্পগ্রন্থ 'মঙ্গা কারাভান' এর মোড়ক উন্মোচন হয়েছে রোববার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজ রুমে বিকেল ৪টায় বইয়ের মোড়ক উন্মোচন করেন অনলাইন সংবাদপত্রটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
আটটি গল্পের সংকলন 'মঙ্গা কারাভান' এ প্রান্তিক জনগোষ্ঠীর যাপিত জীবন, শিল্পায়ন এবং এর হাত ধরে আসা অনিবার্য বিচ্ছিন্নতা, বৈশ্বিক পরিসরে নানা ধর্মের উগ্রবাদ, আধুনিক জীবন সঙ্কট- এর সামগ্রিক রূপ প্রকাশের চেষ্টা করেছেন লেখক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তৌফিক ইমরোজ খালিদী বলেন, "বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে, বাংলাদেশ ও বাঙালির জীবন নিয়ে মাসকাওয়াথ আহসানের ভাবনা অত্যন্ত গভীর। সেসব ভাবনার প্রকাশ এখন তিনি অন্য একটি ভাষা ইংরেজিতে করেছেন।"
"ইংরেজিতে তার এই লেখার চেষ্টা আরো বৃহত্তর পরিসরে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, বাংলা এবং বাঙালির জীবনবোধকে পরিচয় করিয়ে দেবে। "
অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের সাবেক ঊর্ধ্বতন পরিচালক শাহজাহান ফারুক বলেন, "ইংরেজিতে মাসকাওয়াথ আহসানের সাহিত্য চর্চার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের পরিবর্তনের ধারাগুলো বাংলাদেশের বাইরে প্রকাশের সম্ভাবনা সৃষ্টি হল।"
অনুষ্ঠানে মাসকাওয়াথ আহসান বলেন, "দেশের বাইরে থাকার সময়ে বাংলাদেশী লেখকদের ইংরেজিতে লেখা বইয়ের অভাব চোখে পড়েছে। সাহিত্যের অনুবাদ হয়ত সম্ভব। কিন্তু অনুবাদে অনেক সময় খোদ সাহিত্যই হারনোর ঝুঁকি থেকে যায়।"
ভবিষ্যতে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখালেখি চালাবেন বলে তিনি জানান।
মঙ্গা কারাভান প্রকাশ করেছে জনান্তিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/জিএনএ/১৭৪৮ ঘ.
bdnews24