২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫২ নিয়ে বর্তমান প্রজন্মের অনাগ্রহে ভাষাসৈনিক আবুল হাসেমের খেদ

বরিশালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হাসেমের দিন কাটে অন্যের আশ্রয়ে। জীবনযুদ্ধে ক্লান্ত এ ভাষাসৈনিকের খেদ, বর্তমান প্রজন্ম ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর কথা শুনতে আগ্রহী নয়। জানতে চায় না ভাষাসৈনিকদের কথা। বয়সের ভারে ন্যুব্জ চিরকুমার এ মানুষটির সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক আবুল হাসেমের দিন কাটে অন্যের আশ্রয়ে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ৫২-এ ঢাকার মতো দেশের সব প্রান্তে গড়ে উঠেছিল আন্দোলন। বরিশালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন আবুল হাসেম। চিরকুমার এ মানুষটি এখন বয়সের ভারে ন্যুব্জ। বেঁচে আছেন বললে পুরোপুরি বলা হবে না, বলা যায় অন্যের আশ্রয়ে কোনমতে টিকে আছেন তিনি। বছর ঘুরে ফেব্র"য়ারি মাস এলে তার খোঁজ-খবর শুরু হয়। কিন্তু মাস পেরিয়ে গেলে আর কেউ খোঁজ নেয় না। প্রায় ভাঙাচোরা একটি টিনের বাড়িতে অপরের আশ্রয়ে এখন দিন কাটছে আবুল হাসেমের। আবুল হাসেমের সঙ্গে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রফিকুল ইসলাম যান জেলা শহরের সদর রোডে তার ওই বাসায়। জীবনযুদ্ধে ক্লান্ত এ সৈনিক কিছুটা বিরক্ত হন। বলেন, "কত আরা লিখবা, যে ভাষার কথা লিখতেছ, সে ভাষাকে টিকিয়ে রাখার জন্য একদিন সংগ্রাম করেছিলাম। কিন্ত নিজে কী পেয়েছি। ফেব্র"য়ারি মাস এলেই বাসায় লোকের যত আনাগোনা। এরপর তো কেউ আর খোঁজ রাখে না।" বিরক্তিবোধ নিয়ে আলোচনা শুরু হলেও এক সময় কথার ঝাঁপি খুলে দিলেন আবুল হাসেম। ৮৭ বছর বয়সী স্মৃতিতে এখনও উজ্জ্বল সেই দিনগুলো। বললেন, "প্রথমদিকে গুণীজনদের দ্বারে দ্বারে ঘুরেও মাতৃভাষা রক্ষা কমিটির সভায় লোকসমাগম ঘটাতে পারিনি। তাই নয় জনের উপস্থিতিতে ভাষা রক্ষা কমিটি গঠন করা হয়।" জানান, ১৯৫২ সালের ৭ ফেব্র"য়ারি বরিশালের তৎকালীন মুসলিম ইন্সটিটিউটে (বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব) বসে ৯ সদস্যের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়। মোশাররফ হোসেন নান্ন, রানী ভট্টাচার্যসহ মাত্র নয় জন তাতে অংশ নেন। এর আগে থেকেই রাজনীতি সংশ্লিষ্ট ছিলেন আবুল হাসেম। যুক্ত ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সঙ্গে। সেই সচেতনতার জায়গা থেকেই রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠনে উদ্যোগী হন তিনি। আবুল হাসেম বলেন, "১৯৪৮ সালে পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে পরিণত করার চক্রান্ত শুরু করলে তা প্রতিহত করার শপথ নিই। সহপাঠিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করি।" আবুল হাসেমের জন্ম পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইচাদী গ্রামে। ১৯৪৬ সালে গলাচিপা হাইস্কুল থেকে এসএসসি পাস করে বরিশাল বিএম কলেজে ভর্তি হন। ১৯৫০ সালে এইচএসসি পাস করার পর আবুল হাসেম আরও বেশি রাজনীতিঘনিষ্ঠ হয়ে পড়েন। স্মৃতি হাতড়ে তিনি বললেন, "কমিটি গঠনের পর ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত আমরা বরিশালের বিভিন্ন স্থানে ঘরোয়াভাবে সভা করি। কখনও হোটেল-রেস্তোরাঁয়, কখন কমিটির সদস্যদের বাসায় গভীর রাত পর্যন্ত সভা চলতো।" আবুল হাসেম জানান, প্রথম পর্যায়ে বেশ কয়েকবার প্রকাশ্য মিছিলের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ অবধি তা ভেস্তে গেছে। পরে ঢাকার সঙ্গে সমন্বয় রেখে ২১ ফেব্র"য়ারি বেলা ১১টায় টাউন হল চত্বর মিছিল বের হয়। "সে মিছিলে ১০ হাজার নারী-পুরুষ অংশ নিয়েছিল। মিছিলটি গীর্জা মহল্লা, চকবাজার, থানা হয়ে সদর রোডে শেষ হয়", বললেন ভাষা সৈনিক। জানান, ঢাকায় মিছিলে গুলি হওয়ার পর আন্দোলন যেমন তীব্র হয়, তেমনি দমন-পীড়নও বাড়ে। অনেককে গা ঢাকা দিতে হয়। এর মধ্যেই চলতে থাকে আন্দোলন। ভাষা আন্দোলনের সৈনিক হিসাবে ১৯৭৯ সালে রমনা বটমূলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড মেডেল দেন আবুল হাসেমকে। ২০০২ বরিশাল পৌরসভা এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিশ) সম্মাননা দেয়। স্বীকৃতি বলতে এটুকুই পেয়েছেন তিনি। কিন্ত সরকারি উদ্যোগে আর কোনও সহায়তা পাননি জানিয়ে এ ভাষাসৈনিক বলেন, "ভাতা তো দুরের কথা, সরকার কোনও খোঁজ খবরই নেয়নি। জমিজমা নেই, পরের বাড়িতে আশ্রয়ে থাকি। এই বয়সে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে আর ভালো লাগে না।" মুক্তিযুদ্ধে বরিশালে প্রথম শহীদ আবদুল গনি হাওলাদারের মেয়ে শাহেরা বেগমের আশ্রয়ে থাকছেন আবুল হাসেম। শাহেরাকে ধর্ম মেয়ে পরিচয় দেন তিনি। আবুল হাসেমের খেদ, বর্তমান প্রজন্ম ভাষা আন্দোলনের সেই দিনগুলোর বিষয়ে আগ্রহী নয়। যারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে দেখতে চেয়েছিল, তারা আজও মায়ের ভাষাকে বিকৃত করছে। যা দেখার কেউ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.