২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সাজানো' হিমুর প্রদর্শনী, আবর্জনা আর টয়লেট সমস্যা

যতো দিন গড়াচ্ছে, মেলার মাঠে আবর্জনা ততো বাড়ছে। ধুলো ঠেকাতে গিয়ে একাডেমীর ছিটানো জলে নিচু জায়গাগুলোতে সৃষ্টি হচ্ছে কাদা। টয়লেট নিয়ে দর্শনার্থীদের অভিযোগও বাড়ছে। বুধবার মেলার অন্যতম আলোচিত বিষয় ছিল হলুদ পাঞ্জাবিতে মোড়া হিমু ভক্তদের নিয়ে 'অন্য প্রকাশ' এর শোভাযাত্রা। মেলা প্রাঙ্গণের মোবাইল নিউজরুম থেকে জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের সামনে ভাষা শহীদদের স্মরণে নির্মিত 'মোদের গরব' ভাস্কর্যের সামনের জায়গাটি ইলেকট্রনিক মিডিয়ার কাছে পছন্দের স্থান হয়ে উঠেছে। কোনো জনপ্রিয় সাহিত্যিক অথবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেলায় এলেই সাক্ষাৎকার নেওয়ার জন্য টেলিভিশন সাংবাদিকরা তাকে ধরে নিয়ে আসছেন শহীদ জব্বার চত্বরের এই জায়গাটিতে। একটি চ্যানেলের সাক্ষাৎকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ধরছেন অন্য চ্যানেলের সাংবাদিকরা। আর মেলায় আসা দর্শনার্থীরা সাপ খেলা দেখার মতো বৃত্তাকারে ভিড় জমিয়ে এসব দেখছেন। কখনো কখনো একই জায়গায় জমছে চারটি/পাঁচটি বৃত্ত। মানুষ দেখে বাড়ছে আরো ভিড়। বিকেল পৌঁনে পাঁচটার দিকে নাট্যকার রামেন্দু মজুমদার যখন এভাবে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন ওই জায়গায় জনা তিরিশেক হলুদ পাঞ্জাবি পরা যুবক একরকম মিছিল করে হাজির হলেন। তাদের হাতে ব্যানার ও হলুদ কাগজে মোড়া বই 'হিমু রিমান্ডে'। টেলিভিশনের ক্যামেরা ক্রুরা ঘিরে ধরলেন তাদের। ব্যাপার কী? জানতে চাওয়া হলে 'হিমু রিমান্ডে' বইয়ের প্রকাশনা সংস্থা 'অন্য প্রকাশ' এর পরিচালক সিরাজুল কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা হিমুভক্ত। স্বতঃপ্রণোদিত হয়ে 'হিমু রিমান্ডে' বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছেন।" চত্বর থেকে বেরিয়ে হলুদ পাঞ্জাবি পরা ওই যুবকরা ব্যানার নিয়ে শোভাযাত্রা করে পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে অন্য প্রকাশ-এর সামনে জড়ো হন। এ সময় সাধারণ দর্শনার্থীদের সরে গিয়ে তাদের পথ করে দিতে হয়। এতো সংগঠিত শোভাযাত্রা হুমায়ুন আহমেদের ভক্তরা একেবারেই স্বতঃপ্রণোদিতভাবে করছেন? সিরাজুল কবিরের জবাব, "একেবারে স্বতঃপ্রণোদিতভাবে তো আর হয় না। আমরা এদের সহযোগিতা করেছি। আর এটা মেলার আনন্দেরই অংশ। কোনো বিশৃঙ্খলা তো হয়নি।" মেলা চলাকালে এ ধরনের শোভাযাত্রা যদি অন্য প্রকাশকরাও করতে চান তাহলে কী হবে? সিরাজুলের সোজা জবাব, "এতো টাকা খরচ করে কে করবে? আমরা ১০০টা পাঞ্জাবি কিনে দিয়েছি।" হলুদ পাঞ্জাবির ওই শোভাযাত্রায় অংশ নেওয়া দ'ুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা অন্য প্রকাশেই কাজ করেন। তাদের শোভাযাত্রায় অংশ নিতে বলা হয়েছে। শোভাযাত্রায় অংশ নেয়া অধিকাংশ যুবকই অন্য প্রকাশ-এ কাজ করেন বলে জানালেন তারা। বাংলা একাডেমীর নিয়মিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এভাবে দলবেঁধে শোভাযাত্রা করলে অন্যদের অসুবিধা হতে পারে। এ বিষয়টিকে নিরুৎসাহিত করতে হবে।" তবে এ কাজের জন্য অন্য প্রকাশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানালেন মহাপরিচালক। পরিচ্ছন্নতা আর ছিমছাম পরিবেশের জন্য এবারের মেলা ইতোমধ্যে সুনাম কুড়ালেও বইমেলায় টয়লেট নিয়ে অভিযোগ করছেন অনেকেই। টয়লেট এলাকায় ঢোকার মুখেই পানি জমে আছে। হাত ধোয়ার জন্য ব্যবহৃত ট্যাপ থেকে ওই পানি গড়িয়ে পড়ছে রাস্তার ওপর। সিগারেটের টুকরো, চিপসের মোড়কসহ নানা রকম আবর্জনা ছড়িয়ে আছে। প্রতিটি টয়লেটই অপরিষ্কার, দুর্গন্ধও তীব্র। কয়েকটিতে আবার ময়লা উপচে পড়ছে। টয়লেট নিয়ে সবচে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে মহিলাদের। পুরুষ-মহিলা ভালো করে আলাদা করে লেখাও নেই। একেবারে দরজার সামনে গিয়ে দাঁড়ালে বাজে হাতের লেখায় 'মহিলা' লেখা আছে দু'টি দরজায়। রাস্তার পাশেই এসব টয়লেটের বিরাট আকারের ভেন্টিলেটরে কোনো আবরণও নেই। মহিলাদের জন্য নির্ধারিত টয়লেটগুলোর একটি থেকে একজন পুরুষ পুলিশ সদস্যকে বের হতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়া আক্তার অভিযোগ করেন, "মেয়েদের টয়লেটের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। যে দুটো রয়েছে তাও অরক্ষিত। এ বিষয়ে কর্তৃপক্ষের আরো মনোযোগ দেওয়া উচিৎ।" এ ব্যাপারে মহাপরিচালককে জিজ্ঞেস করা হলে বুধবারই তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। প্রথম দিকে বইমেলা অনেকটা পরিচ্ছন্ন থাকলেও যতো দিন যাচ্ছে মেলার মাঠে আবর্জনাও ততো বাড়ছে। এর মধ্যে রয়েছে ফেলে দেওয়া পুস্তক তালিকা, চিপসের ঠোঙা, আইসক্রিমের মোড়ক, কফির কাপ ইত্যাদি। ধুলো নিয়ন্ত্রণের জন্য ছিটানো পানি নিচু জায়গাগুলোতে জমে গিয়ে সৃষ্টি করেছে কাদা। ঢাকার মানিকনগর থেকে বইমেলায় এসেছেন শাহনাজ পারভীন। সঙ্গে তার চার বছরের শিশু ছেলে ফাহিম। কাদায় পা পড়া ছাড়াও বেশ কয়েকবার ফাহিমকে হোঁচট খেতে হয়েছে বলে জানান তার মা। শাহনাজ পারভীন বলেন, "মেলামাঠে ছোটরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছে না। মাঠ উঁচুনিচু, জায়গায় জায়গায় কাদা থাকায় খুবই অসুবিধা হচ্ছে।" এ ব্যাপারে মহাপরিচালক বলেন, "আমরা এগুলো ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের লোকজন কম।" বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের দেওয়া হিসাব অনুযায়ী বুধবার মেলায় প্রকাশিত হয়েছে ৮৮টি বই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১১৯ ঘ.