ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে দুই দিনব্যাপী কবিতা উৎসব শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। এবার কবিতা পরিষদের পুরস্কার পেয়েছেন কবি মহাদেব সাহা। এছাড়া কবি শামসুর রাহমান পুরস্কার পেয়েছেন কবি জাহানারা পারভীন।
কবিতা পরিষদ পুরস্কার জুরি বোর্ডের সদস্য কবি রফিক আজাদ সন্ধ্যায় সমাপনী অধিবেশনে এই পুরস্কারের কথা ঘোষণা করেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে উৎসবের সমাপনী দিনে পুরস্কারের ঘোষণার পাশাপাশি সেমিনার, কবিতা পাঠ, কবিতার গানসহ বিভিন্ন অনুষ্ঠান হয়। এবারের উৎসবের শ্লোগান ছিল ' কবিতার মন্ত্র জয় গণতন্ত্র' । শুক্রবার সকালে কবি সৈয়দ শামসুল হক এ উৎসবের উদ্বোধন করেন।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুরস্কারের কথা জানিয়ে বলেন, '' জাতীয় কবিতা পরিষদ পুরস্কার হিসেবে ত্রিশ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং উত্তরীয় দেওয়া হবে। আর প্রথমবারের মতো চালু হওয়া কবি শামসুর রাহমান পুরস্কার হিসেবে দেওয়া হবে দশ হাজার টাকা, একটি ক্রেস্ট ও উত্তরীয়।'' তিনি আরও জানান, এবছর শুধু পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে, পদক দেয়া হবে আগামী বছরের উৎসবে।
কবি শামসুর রাহমান পুরস্কারের জন্য জাহানারা পারভীন-এর নাম ঘোষণাকালে তরুণ কিছু কবি প্রতিবাদ জানান। মহাদেব সাহা না থাকলেও জাহানারা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।
কবি রোকন জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমার মতে জাহানারা পারভীনের চেয়ে আরও যোগ্য কবি আছেন ওই পদকের জন্য। এ মনোনয়ন যথার্থ হয়নি।'' তিনি জানান, এ বিষয়ে লিখিত প্রতিবাদও পরিষদের জুরি বোর্ডের কাছে দেওয়া হয়েছে।
কবি আসলাম সানীও জাহানারা পারভীনকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তা পুনর্বিবেচনার দাবি জানান।
কিন্তু জুরি বোর্ডের সদস্য কবি হাবিবুল্লাহ সিরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পদকের মনোনয়ন ঘোষণা পুনর্বিবেচনার সুযোগ নেই। যে মনোনয়ন দেওয়া হয়েছে তা চূড়ান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/এসকে/২০১০ঘ.
bdnews24