২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জাতীয় গ্রন্থনীতি প্রণয়নে আগ্রহী: প্রধান উপদেষ্টা

জাতীয় গ্রন্থনীতি প্রণয়নে সরকারের আগ্রহের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, এর মাধ্যমে দেশে গ্রন্থ প্রণয়ন, প্রকাশনা এবং স্থানীয় ও বিদেশি বাজারে বিপণন আরও বেগবান করা যাবে। শুক্রবার একুশের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বাংলা একাডেমীর জন্য নতুন একটি আইনের কাজ চলছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় গ্রন্থনীতি প্রণয়নে সরকারের আগ্রহের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, এর মাধ্যমে দেশে গ্রন্থ প্রণয়ন, প্রকাশনা এবং স্থানীয় ও বিদেশি বাজারে বিপণন আরও বেগবান করা যাবে। শুক্রবার একুশের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বাংলা একাডেমীর জন্য নতুন একটি আইনের কাজ চলছে বলেও জানান তিনি। বিকাল ৪টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা মাসব্যাপী একুশের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ড. ফখরুদ্দীন আহমদ বলেন, সরকার একটি জাতীয় গ্রন্থনীতি প্রণয়নে আগ্রহী। এর মাধ্যমে দেশে গ্রন্থ প্রণয়ন, প্রকাশনা এবং স্থানীয় ও বিদেশি বাজারে বিপণন আরও বেগবান হবে। পাশাপাশি পাঠাভ্যাস তৈরিতে সাধারণ জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে তা ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলা একাডেমি জাতির মননের প্রতীক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যে আইন দিয়ে বাংলা একাডেমি পরিচালিত হচ্ছে তা অনেক পুরানো। বাংলা একাডেমী পরিচালনায় নতুন একটি আইন প্রণয়নের কাজ চলছে। এটা বাস্তবায়িত হলে একাডেমীর কার্যক্রম আরও বাড়ানো সম্ভব হবে। তিনি বলেন, স্বদেশের গণ্ডি পেরিয়ে অমর একুশে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কালজয়ী এক অনুপ্রেরণার দিন। অমর একুশ আজ ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এ প্রেক্ষাপটে একুশের বইমেলার পরিসর আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি বইমেলার পরিসর বাড়িয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক পুস্তক প্রকাশকদের অংশ গ্রহণের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একুশের উত্তরণের সঙ্গে সাজুয্য বিধান করে অমর একুশে গ্রন্থমেলাও একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে রূপান্তরিত হবে। বাংলা একাডেমী ভবন নির্মাণ দ্রুত শুরু হবে বলেও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বইকে জ্ঞানের হাতিয়ার উল্লেখ করে এ হাতিয়ার ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদসহ দেশের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি জানান, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে আন্তরিক। এ জন্য সরকারের সংশ্লিষ্ট সব বিভাগকে সিটিজেনস চার্টার প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন প্রণয়নও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভাষণের শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি করে দিয়েছিল। বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক হারুন-অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শরফুল আলম এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ। জাতীয় সঙ্গীত এবং একুশের গান দিয়ে শুরু হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এর পর পর্যায়ক্রশে কুরআন তেলওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ শেষে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মেলা প্রাঙ্গণ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রিয়াজুল বাশার জানান, উদ্বোধন ঘোষণার পর প্রধান উপদেষ্টা বাংলা একাডেমী ও নজরুল ইনস্টিটিউটের স্টল পরিদর্শন করেন। এর পর তিনি মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন। প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরপরই জনসাধারণের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়। ওই সময় মেলায় ঢুকতে দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত পুরো সড়কটি জুড়ে মানুষের ঢল নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এমআই/১৭২১ ঙ.