২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী চট্টগ্রামে, টানেল উদ্বোধনের অপেক্ষা

টানেল উদ্বোধনের পর আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 11:07 AM

Updated : 28 Oct 2023, 11:07 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল পৌনে ১১টায় সরকারপ্রধান হেলিকপ্টারে করে পতেঙ্গায় নেভাল হেলিপ্যাডে পৌঁছান বলে তার উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান।

উদ্বোধন অনুষ্ঠান হবে টানেলের পতেঙ্গা প্রান্তে। শনিবার সকালে উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী টানেল দিয়ে যাবেন আনোয়ারা প্রান্তে। পরে কোরিয়ান ইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন সরকার প্রধান।

তার আগমন উপলক্ষে সকাল ৯টা থেকে ইপিজেডের মাঠে দলে দলে আসতে শুরু করেছে মানুষ, বক্তব্য রাখছেন উপজেলা পর্যায়ের নেতারা।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টিশার্ট পড়ে সমাবেশে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখছেন।

এদিন কর্ণফুলী নদীর তলদেশে টানেলসহ চট্টগ্রামে ১০টি প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়টি উদ্যোগের উদ্বোধন করবেন।

পুরনো খবর:

এবার কর্ণফুলীর স্বপ্নপূরণ: একটি টানেল, বদলে দেবে চট্টগ্রাম
আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল