Published : 18 Jul 2024, 01:11 PM
কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা সেখানে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়েছে।
তাদের অবরোধের কারণে বৃহস্পতিবার বেলা ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
“আমাদের সকাল থেকে যে ট্রেনগুলো যাওয়ার সেগুলো চলে গেছে। ঢাকায় এসেছেও। কিন্তু ১টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ। ওই ঘটনার কারণে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আমরা কোনো ট্রেন ছাড়ছি না। ঢাকামুখী ট্রেনগুলো বিমানবন্দর ও আগের স্টেশনগুলোয় রাখা হয়েছে।”
সেখানে গিয়ে দেখা যায়, মহাখালী রেলক্রসিং এলাকায় রেললাইনে অবস্থান নিয়েছে পুলিশ। তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা রয়েছে।
আন্দোলনকারীদের একটি অংশ আরজতপাড়া এলাকায় রেললাইনে, আরেকটি অংশ মহাখালী থেকে জাহাঙ্গীরগেইট যেতে সড়কে অবস্থান নিয়েছে। মহাখালীর আরজতপাড়ার কাছে রেললাইনে আগুন দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারছে। পুলিশও টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ছে।
গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।
এ কর্মসূচির কারণে সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। তাতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।
রাজধানীর শনির আখড়া ও মাতুয়াইলে সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্ন্ধ রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।