২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্তর্বর্তী সরকার’: বঙ্গভবনে মির্জা ফখরুলরা

বিএনপি মহাসচিবের সঙ্গে আছেন সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদও।

‘অন্তর্বর্তী সরকার’: বঙ্গভবনে মির্জা ফখরুলরা
অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 07:46 PM

Updated : 26 Aug 2026, 10:10 AM

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার মধ্যে সমমনা দলের নেতাদেরকে গিয়ে বঙ্গভবনে ঢুকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পতনের কয়েক ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে নেতারা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে তার বাসভবনে ঢোকেন।

মির্জা ফখরুল ছাড়াও তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও ভেতরে যাওয়ার জন্য বঙ্গভবনে বাইরে অপেক্ষায় থাকতে দেখা যায়।

টানা তিন মেয়াদ পূর্তির পর নতুন মেয়াদের সাত মাসের মধ্যেই শেখ হাসিনার পতন ঘটে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মুখে।

এই আন্দোলনে এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত শনিবার সরকার পতনের এক দফা দাবিতে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।

সেদিন দেশজুড়ে সহিংসতায় প্রায় একশ মানুষের প্রাণহানির পর সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করলে সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ আরোপ করে।

সোমবার দুপুরের দিকে জানানো হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বেলা ২টায় জাতির উদ্দেশে ভাষণে আসবেন, ততক্ষণ যেন দেশবাসী ধৈর্য ধরে।

পরে বিকাল পৌনে ৪টায় সেনাপ্রধান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠন হবে। এই সরকার গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে যাবেন তারা।

এই বক্তব্যের আগে সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও জামায়াতের আমির শফিকুর রহমান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, খেলাফতে মজলিসের নেতা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, “এই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না।”