১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ গৃহকর্তা চলে গেলেন

“তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা হয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 11:30 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

ঢাকার উত্তরখান এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ তিনজনের মধ্যে একজন মারা গেছেন।

৫৫ বছর বয়সী আলী হোসেন শতভাগ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান বলে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন।

দুবাদিয়া করাইটেক এলাকার আলী হোসেনের বাসায় শনিবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান।

সে সময় আলী হোসেনের সঙ্গে তার স্ত্রী হাসনা হেনা (৪৫) ও তাদের সন্তান আঁখি (২৮) দগ্ধ হন। পরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আঁখি ১৫ শতাংশ দগ্ধ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি হাবিবুর রহমান বলেছিন, “তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা হয়। পরবর্তীতে বাড়ি মালিক আলী হোসেনের স্ত্রী হাসনা হেনা রান্না করতে আগুন জ্বালালে মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে।

“আগুনে তারা দগ্ধ হওয়া ছাড়াও ঘরের ফার্নিচার, লেপ, তোষক, বালিশসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়।”

আরও পড়ুন-

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ ৩