Published : 08 Jul 2026, 05:56 PM
উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রবাড়ী থেকে গ্রেপ্তার দুইজনকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এছাড়া আরো চারজনকে বুধবার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
প্রসিকিউশন পুলিশের এসআই মাসুম খান জানান, ছয় আসামির মধ্যে শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে নতুন করে রিমান্ডে পাঠানো হয়েছে। আর জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিতকে পাঠানো হয়েছে কারাগারে।
গত রোববার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
সেদিন শুনানি শেষে ছয় আসামিকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক।
তিনি সাবির ও তানিমকে আরো সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন এবং বাকি চার আসামিকে কারাগারে আটক রাখার আর্জি জানান।
সাবির ও তানিমের পক্ষে তাদের আইনজীবী মো. সাদ্দাম হোসেন রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তিনি বলেন, "এ আসামিরা শিক্ষার্থী। তাদের বয়স কম। ইতোমধ্যে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তা কিছু পাননি।"
তখন বিচারক বলেন, "এ ঘটনায় পুলিশের অ্যাপ্রোচ ভালো। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। শুধুমাত্র সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে যদি কিছু না পাওয়া যায় তাহলে এমনিতেই খালাস পেয়ে যাবে।"
বিচারক আসামিদের কাছে জানতে চান, রিমান্ডে তাদের মারধর করা হয়েছে কি না। আসামিরা মাথা নেড়ে ‘না’ বলেন।
অপর চার আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি নিয়ে আদালত দুই আসামিকে তিন দিনের রিমান্ড এবং চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
একইসঙ্গে আগামি ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে তদন্ত সংস্থাকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক।