১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাথা থেঁতলে হত্যা: তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট মামলা

“আগামীকাল আবেদনটির শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসবে,” বলেন ইউনুছ আলী আকন্দ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 

একই সঙ্গে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানির জন্য রিটটি বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। আগামীকাল তা শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসবে।”

বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যা করা হয় সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে, ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। 

সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় গত বৃহস্পতিবার মামলা করেন তার বোন মঞ্জুয়ারা বেগম (৪২)। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।

দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই হত্যা মামলায় টিটন গাজীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮), মনির ওরফে ছোট মনির (২৫), সজীব ও রাজীব।