২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের প্রত্যাশিত পরিবেশ এখনো হয়নি: রিজভী

“সব রাজনৈতিক দল ও মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে বর্তমান নির্বাচন কমিশন গড়ে উঠবে- প্রত্যাশা করি,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 12:36 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো আশানুরূপ উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “মানুষের প্রত্যাশা অনুযায়ী, হয়তো অনেক কিছু এখনও সম্ভব হয়ে ওঠেনি। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা উন্নত হয়নি। কিন্তু তার পরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে যে, আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্তপরায়ণ কোনো প্রশাসনের দ্বারা অথবা তার আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এখানকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর নিপীড়নের শিকার হবে না।

“সেক্ষেত্রে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে ইসি গুরুদায়িত্ব পালন করবেন। সব রাজনৈতিক দল ও মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে বর্তমান নির্বাচন কমিশন গড়ে উঠবে- প্রত্যাশা করি।”

রোববার নির্বাচন কমিশনে ২০২৪ সালের দলের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি এ কথা বলেন।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কি না কিংবা ভোট বানচালের শঙ্কা করছেন কি না- এমন প্রশ্নের উত্তরে রিজভী বলেন, “যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, সেই সমস্ত দোসররা তো বসে নেই। তারা নানাভাবে, নানা কায়দায় চক্রান্ত-ষড়যন্ত্রে মেতে উঠেছে।

“এসব বিষয়গুলোকে আইডেন্টিফাই করে যাতে কোনো রকমে নির্বাচনবিরোধী কোনো শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে, সেটা তো দেখার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তারা সে কাজটি করবেন। যে সময় রয়েছে, সে সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন।”

নির্বাচনি পরিবেশ যাতে নির্বিঘ্ন হয়, সেজন্য উদ্যোগী হতে সরকার ও ইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।

তিনি বলেন, “আমরা বলেছি- সবসময়, অন্তর্বর্তী সরকারের প্রতি দলগুলোর সমর্থন আস্থা রয়েছে; সে আস্থার সঠিক ও ইতিবাচক কাজ প্রদর্শন করবেন- যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। যাতে কোনো ভোটার ভয় না পায়, ভোটেকেন্দ্রে গেলে আশঙ্কা, ভয়ভীতি থাকতে পারে- এসব নিরসন করার দায়িত্ব সরকারের। 

“নির্বাচনকে সুষ্ঠু করতে ইসির ক্ষমতা সংবিধানে রয়েছে, স্বাধীনতা রয়েছে। সেক্ষেত্রে আরও বড় দায়িত্ব পালন করতে হবে। এর মধ্য দিয়ে শঙ্কা-ভয় দূরীভূত হবে।”

আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে সরকারের অনুগত ও শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত করেছিল মন্তব্য করে বিএনপি নেতা রিজভী বলেন, সাংবিধানিক এ প্রতিষ্ঠানের স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, অনেকটা ফ্যাসিবাদী অস্ত্রের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল ইসি। দলান্ধ লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল।

তার ভাষায়, “তৎকালীন ইসি- তার রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশনের তার যে কর্তৃত্ব রাজনৈতিক দলের ওপর এবং রাজনৈতিক দল কীভাবে চলছে এবং তারা কী অবস্থায় আছে, সেটা তার যে অভিভাবকত্ব- সেই অভিভাবকত্ব করতে পারেনি। 

“মেরুদণ্ডহীন, চাকরিলোভী লোকদের দিয়ে ইসি গঠন করা হয়েছিল।...জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি; যারা অবাধ, সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল।”

রিজভী বলেন, “আমাদের প্রত্যাশা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি, দেশের মানুষের প্রত্যাশা জনগণের প্রত্যাশা- বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যাবতীয় যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো তারা করবেন।”

তিনি বলেন, “সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, তাদের স্বাধীন যে অধিকার- যেটা দেওয়া আছে, সেই অধিকার দিয়ে, সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যেকোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে।”

অভ্যুত্থানের বছরে বিএনপির আয়ে রমরমা

ভোটের প্রস্তুতির আর ৫ মাস, নির্বিঘ্ন পরিবেশ কি হবে?

অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস, বাড়ছে ভোটের চাপ

৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: ১২ দলীয় জোট