২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৯৬ রোগী

চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১ জনে।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৯৬ রোগী
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 07:21 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৬ জন।

আগের দিন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এইডিস মশাবাহিত রোগটিতে একজনের মারা যাওয়ার খবর দিলেও সবশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১০৩ জন ভর্তি হয়েছেন। 

এর বাইরে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১ জনে, যাদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১ হাজার ১২৬ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬১৯।

বর্ষার শেষে বাড়ছে ডেঙ্গু

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরও ৫৬১

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। 

জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১২ জনের। অগাস্ট মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। 

সেপ্টেম্বরের ১৩ দিনে ৫ হাজার ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।