২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এঁকেছি …. তোমাদেরই নাম’

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

‘এঁকেছি …. তোমাদেরই নাম’

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতিসংঘ স্বীকৃত দেশগুলোর মাতৃভাষার তথ্যভিত্তিক উপস্থাপন করা হয়েছে ‘ভাষা জাদুঘরে’। মঙ্গলবার এ জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 12:06 AM

Updated : 21 Feb 2023, 09:12 AM

যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, যাদের ত্যাগ প্রেরণা হয়েছে বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় সচেতনতার, সেই ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি।

‘একুশ মানে মাথা নত না করা’, এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে সালাম, জব্বার, রফিক, বরকত, সফিউরদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধার ডালি আর বিনম্র কৃতজ্ঞতায়।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। শহীদ স্মরণে এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছিলেন শহীদ মিনার।

দুদিন পর সেই মিনার ভেঙে দিয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী; তবে অতটুকু সময়েই বাঙালির মনে গাঁথা হয়ে গিয়েছিল সেই মিনার।

কবি আলাউদ্দিন আল আজাদ তখন প্রথম প্রতিবাদী কবিতায় লিখেছিলেন- ‘এঁকেছি প্রেমের ফেনিল শিলায়, তোমাদের নাম/ তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে/ শুধু এক শপথের ভাস্কর’।

বাহান্নর সেই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।

তার তিন দশক পরে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর উদ্যোগে ২০০০ সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের একুশ হয়ে উঠল বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।

গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতি, যার সূচনা হয় মঙ্গলবার প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাজছিল অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’।

কোভিড মহামারীর শুরুর পর গত দুই বছর স্বাস্থ্যবিধি মানতে গিয়ে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান নিজেরা উপস্থিত হননি শহীদ মিনারে, এবার আবার আগের মতোই তাদের দেখা গেল।

Image

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেওয়ার পর দলীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

এরপর তিন বাহিনীর প্রধানদের মধ্যে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান শহীদ বেদীতে ফুল দেন।

ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকরাও ফুল নিয়ে হাজির হন শহীদ মিনারে। শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা।

বিরোধীদলীয় নেতার পক্ষে জাতীয় পার্টির মহাসচিব গোলাম মোহাম্মদ কাদের, সংসদ সদস্য আবু হোসেন বাবলা শহীদ মিনারে ফুল দেন। ১৪ দলের পক্ষ থেকে হাসানুল হক ইনু, অসীম কুমার উকিল ও আফজাল হোসেন ফুল দেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রথম প্রহরে শ্রদ্ধা জানান শহীদ মিনারে।

সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও প্রথম প্রহরে ফুল দিয়ে স্মরণ করা হয় ভাষা শহীদদের।

সূর্যোদয়ের পর শুরু হবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে শহীদ মিনার মুখে নগ্নপদে প্রভাতফেরির যাত্রা।

Image

দলীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

বাহান্নর সেই রক্তস্নাত আন্দোলনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটিকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওায়া হয়।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে শহীদদের আত্মত্যাগ স্মরণের পাশাপাশি পৃথিবীর নানা ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মানবোধ জাগ্রত করার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Image

অমর একুশে পালনে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তাজুড়ে চলে আলপনা আঁকার কাজ

তিনি বলেছেন, “বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। তবে বাংলা ভাষা ও সংস্কৃতির যথাযথ চর্চা ও সংরক্ষণে আমাদের আরও যত্নবান হতে হবে।”

উন্নত বিশ্বের সাথে সমানতালে এগিয়ে যেতে বাংলার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে স্বীকৃত বিভিন্ন ভাষার ওপর প্রয়োজনীয় দক্ষতা যাতে তরুণ প্রজন্ম অর্জন করে, তার উপরও গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, “নিজ ভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ইতিবাচক অবদান রাখবে - এটাই সকলের প্রত্যাশা।”

অন্যদিকে, ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণের পাশাপাশি ভাষার অধিকার ও বাঙালি জাতির জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব ভাষাসৈনিকদের অবদান স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি ভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পটভূমিও স্মরণ করেছেন বঙ্গবন্ধুকন্যা।

শেখ হাসিনা বলেন, “মহান ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়। এই বাঙালি জাতীয়তাবাদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব-এর আদর্শকে ধারণ করে গত ১৪ বছরে বাংলাদেশকে আমরা বিশ্বে উন্নয়নের রোল মডেল-এ পরিণত করেছি।

“২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’- যা স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে অর্জিত হবে। সেই সঙ্গে আমরা বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”