২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই ঠেকাতে কাজ করছি: ডিএমপি কমিশনার

“যেসব ছিনতাইকারী শেষ রাতের দিকটা ছিনতাইয়ের সময় হিসেবে বেছে নেয়, আশা করছি তারা আর সেটা পারবে না।”

ছিনতাই ঠেকাতে কাজ করছি: ডিএমপি কমিশনার

হোলি আর্টিজানে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 02:45 PM

Updated : 01 Jul 2023, 02:45 PM

গভীর রাতের ফাঁকা ঢাকা শহরে ছিনতাইকারীরা সুযোগ নিচ্ছে জানিয়ে তাদের প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শনিবার সকালে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় গত কয়েক দিনে ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার দিকে দৃষ্টি আর্কষণ করলে ডিএমপি কমিশনার বলেন, “রাতের ঢাকার শেষ ভাগের সময়টাকে ছিনতাইকারীরা বেছে নিতে চায়। এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। ২টার পরে রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়।

“আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। আরও কীভাবে আমাদের পুলিশিং বৃদ্ধি করা যায়, সে বিষয় নিয়ে কাজ করছি। যেসব ছিনতাইকারী শেষ রাতের দিকটা ছিনতাই করার সময় হিসেবে বেছে নেয়, আশা করছি তারা আর সেটা পারবে না।”

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে কর্মস্থলে যাওয়ার সময় শনিবার ভোরে ফার্মগেইট এলাকায় ছুরিকাঘাতে খুন হন মো. মনিরুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল, যিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

মনিরুজ্জামান সাধারণ পোশাকে ছিলেন। আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া শুক্রবার একটি বেসকারি টেলিভিশনের সাংবাদিকও ছিনতাইকারীর কবলে পড়েন বলে খবর পাওয়া যায়।

খন্দকার গোলাম ফারুক বলেন, যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে কাজ করছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

সকালে গুলশান থানার নতুন ভবনের সামনে পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ও পরিদর্শক মো. সালাহউদ্দিন খানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার গোলাম ফারুক। সাত বছর আগে ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে প্রাণ যায় তাদের।

তাদের আত্মত্যাগে স্মরণ করে সাংবাদিকদের সামনে দেশে জঙ্গিবাদের পরিস্থিতি এবং জঙ্গিবাদ দমনে পুলিশ বাহিনীর অবদানও তুলে ধরেন ডিএমপি কমিশনার।