২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টোকিওতে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 10:32 PM

Updated : 28 Apr 2023, 10:49 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে থাকাকালে বৃহস্পতিবার টোকিওতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। তিনি শুক্রবার বিকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ছেড়েছেন।

১ মে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বাসস জানায় সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনের পরিস্থিতির কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য শরণার্থী শিবির পরিচালনার খরচ বাড়ছে।

নির্যাতনের মুখে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে আসা বিপুল সংখ্যক এসব রোহিঙ্গাকে গত ছয় বছর ধরে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বাঁচতে সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা সীমান্ত পেরিয়ে কক্সবাজারে এসে আশ্রয় নেয়। সেই থেকে তারা কক্সবাজারের শরনার্থী শিবিরগুলোতে বসবাস করছে। এরমধ্যে কিছু রোহিঙ্গাকে ভাসানচরে তৈরি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, তার সরকার শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে ইতোমধ্যে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা শুরু করেছে। তবে দেশটি তাদের ফিরিয়ে নিতে রাজি হলেও এখন পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে তরুণদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশাল বাজার রয়েছে।

প্রধানমন্ত্রীর চার দিনের সফর চলাকালে এর আগে গত ২৫ এপ্রিল তার একটি নিবন্ধ ছাপা হয় দেশটির সবচেয়ে পুরনো ইংরেজি দৈনিক ‘জাপান টাইমস’-এ।

বাসস জানায়, ‘জাপান হোল্ডস স্পেশাল প্লেস ইন আওয়ার হার্টস’ শিরোনামে ওই লেখায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বের যাত্রাপথ, সহযোগিতার ইতিবৃত্ত তুলে ধরা হয়।

নিবন্ধে শেখ হাসিনা রোহিঙ্গা প্রসঙ্গে লিখেছেন, মিয়ানমার থেকে এসে আশ্রয় নিয়ে থাকা ১১ লাখ রোহিঙ্গার দেখাশোনা করতে গিয়ে বাংলাদেশ উভয়সঙ্কটে পড়েছে।

“রোহিঙ্গা নামে পরিচিত এই লোকদের গণহত্যার মুখে মানবিক কারণে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। তাদের দীর্ঘ উপস্থিতি স্থানীয় সম্প্রদায়ের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এখন তারা বাংলাদেশসহ সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। জাপান এই অঞ্চলে তার ফলপ্রসূ প্রভাবের মাধ্যমে মধ্যস্থতা করতে পারে এবং এই রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের স্বদেশে ফিরে যেতে সাহায্য করতে পারে।”

নিবন্ধে প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে উল্লেখ করে লিখেছেন, “বাংলাদেশ ধীরে ধীরে দক্ষিণ এশীয় অঞ্চলের ব্যবসা ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। আমাদের উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য জাপানিদের আরো বেশি বিনিয়োগ পেলে বাংলাদেশ খুশি হবে।”

সফরকালে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বৈঠক করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে সম্মত হন।

তার এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ আটটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বক্ষরিত হয়।

পুরনো খবর:

জাপান সফর শেষে ওয়াশিংটন ডিসির পথে প্রধানমন্ত্রী