ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর এই সফরে কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার বিকালে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাত ৮টার পর।
এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি নিরাপত্তা, স্থিতিশীলতা আর সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বাংলাদেশ।
নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সোমবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান।
বিমানবন্দরে শেখ হাসিনার জন্য ছিল লাল গালিচা, একটি সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ।
ওই বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্থল ও জলপথে যোগাযোগের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি নিজামউদ্দিন আউলিয়ার দরগাহও জিয়ারত করেন।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চলতি বছরে ১৬ ডিসেম্বরের মধ্যে ভারতের গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের প্রতিশ্রুতি দেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। পরে রাতে বাংলাদেশ হাই কমিশনে হাই কমিশনারের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে ঊষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। সেখানে শেখ হাসিনা গান স্যালুট গ্রহণ করেন এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার পরিদর্শন করেন।
এরপর দিল্লিতে মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েশেখ হাসিনা যান হায়দ্রাবাদ হাউজে। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি।
পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো গুরুত্ব পায় আলোচ্যসূচিতে।
বৈঠক ও সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে মোদীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেন শেখ হাসিনা। সেদিনই বিকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বুধবার সকালে দিল্লিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত বাংলাদেশ-ভারত বাণিজ্য ফোরামে অংশ নেন শেখ হাসিনা।
সেখানে তিনি বাংলাদেশের ‘উদার’ নীতি এবং সরকারের দেওয়া সুযোগ সুবিধার কথা তুলে ধরে অবকাঠামো, শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে বড় আকারের বিনিয়োগ করতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এছাড়া সেদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডি। বিকালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় সেনা পরিবারের সন্তানদের ‘মুজিব স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে দিল্লির পালম বিমানবন্দর থেকে থেকে জয়পুরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে যান আজমীর শরীফে। আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির (র.) মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে জয়পুরে ফিরে বিকালে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
