২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

রাতে কাপ্তান বাজার থেকে মুরগি নিয়ে মগবাজারে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে ভ্যানটি।

মধ্যরাতে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 02:04 PM

Updated : 09 Jul 2023, 02:04 PM

রাজধানীতে ট্রাকের চাপায় মুরগিবাহী এক রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন।

রোববার রাত ২টার দিকে ফকিরাপুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পল্টন থানার এসআই আকরামুল ইসলাম জানান।

নিহত ভ্যানচালকের নাম মো. নাঈম, বয়স ১৯ বছর। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ভাটিয়াপাড়া গ্রামে। ঢাকায় তিনি মুগদার পূর্ব মানিক নগর থাকতেন।

এসআই আকরামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কাপ্তান বাজার থেকে মুরগি নিয়ে মগবাজারে যাওয়ার সময় একটি ট্রাক নাঈমের ভ্যানকে চাপা দেয়। তাতে নাঈম ঘটনাস্থলেই মারা যান।

ওয়াসিম (২৭) নামে ভ্যানে থাকা আরেকজনকে পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মুরগি ব্যাবসায়ীর কর্মচারী।

এসআই আকরাম বলেন, দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে গেছে। নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।