২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিট ও পানিবণ্টনে চুক্তি হয়নি

ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার 'রূপরেখা' চুক্তি হলেও বহু আলোচিত তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন নিয়ে কোনো চুক্তি হয়নি। ট্রানজিট বাস্তবায়নে দুই দেশের মধ্যে বিনিময় হয়নি সম্মতিপত্রও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের 'অনেক প্রত্যাশার' ঢাকা সফরে আলোচনায় থাকা প্রধান তিনটি বিষয়েই কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ভারত ও বাংলাদেশ। দুই প্রধানমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটি 'রূপরেখা' চুক্তিতে সই করলেও বহু আলোচিত তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন এবং ভারত থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে কোনো চুক্তি হয়নি। ট্রানজিট বাস্তবায়নে দুই দেশের মধ্যে বিনিময় হয়নি সম্মতিপত্রও। দৃশ্যতঃ তিস্তার পানি ভাগাভাগি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতায় অনেকটাই মলিন হয়ে যায় মনমোহন সিংয়ের বহু প্রতীক্ষিত এই সফর। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের নেতৃত্বে ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠক শেষে শুরু হয় চুক্তি স্বাক্ষর। শুরুতেই 'রূপরেখা' চুক্তিতে সই করেন দুই প্রধানমন্ত্রী। এরপর একটি প্রটোকল ও কয়েকটি সমঝোতা স্মারকে সই করে দুই পক্ষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে যৌথ বিবৃতিতে দুই প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশের ৪৬টি গার্মেন্ট পণ্য। এছাড়া তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঢাকার পথে রওনা হওয়ার আগে সোমবার এক বিবৃতিতে মনমোহন সিং বলেন, ২০১০ সালের জানুয়ারিতে শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় যেসব সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার একটি সুযোগ তৈরি হচ্ছে এই সফরে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল, ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর হবে ঐতিহাসিক। রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, ট্রানজিট সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে মনমোহন সিংয়ের সফরে 'সম্মতিপত্র' বিনিময় হবে। এর ভিত্তিতেই ট্রানজিটের আইনি কাঠামো, পরিচালনা পদ্ধতি, প্রটোকলসহ খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এছাড়া তিস্তা ও ফেনী নদির পনিবণ্টনসহ তিনটি চুক্তি এবং কয়েকটি প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। কিন্তু তিস্তার পানি বণ্টন নিয়ে আপত্তির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শেষ মুহূর্তে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নেন। মনমোহন সিং সোমবার রাতে টেলিফোন করে মমতাকে আশ্বস্ত করেন, পশ্চিমবঙ্গের স্বার্থহানী হয়, এমন কোনো চুক্তি সরকার করবে না। ফলে বাংলাদেশ সরকারের দৃঢ় আশাবাদ সত্ত্বেও এ চুক্তি স্থগিত হয়ে যায়। কলকাতার বর্তমান পত্রিকা একটি প্রতিবেদনের শিরোনাম করে- 'গুরুত্ব হারালো প্রধানমন্ত্রীর সফর'। চুক্তি নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে সকালে ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্রকে ডেকে বৈঠক করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন টেলিভিশনের খবরে বলা হয়, তিস্তা চুক্তি না হলে ট্রানজিটের আলোচনায় বাংলাদেশ আগ্রহী নয়। বিকেলে মনমোহন সিংয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকের পর মন্ত্রী ও পররাষ্ট্র সচিব চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও সন্ধ্যার অনুষ্ঠান শেষে জানা যায়, পানি বণ্টন নিয়ে চুক্তি বা ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়- কোনোটিই হয়নি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের নির্ধারিত একান্তে বৈঠক শুরু হয় বিকেল সোয়া ৫টার পর। নিজেদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনার পর শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক, যা স্থায়ী হয় প্রায় পৌনে এক ঘণ্টা। মাগরিবের নামাজের পর দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই প্রধানমন্ত্রী আবারো কিছু সময় একান্তে আলোচনা করেন। এরপর শুরু হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। প্রথমে শেখ হাসিনা ও মনমোহন সিং সহযোগিতার 'রূপরেখা' চুক্তিতে সই করেন। তারপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্থলসীমা নিয়ে একটি প্রটোকলে সই করেন। নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেন তারা। এছাড়া সুন্দরবনের সুরক্ষা, বাঘ রক্ষা, মৎস্য উৎপাদন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময়, কলকাতার দূরদর্শন ও বাংলাদেশ টেলিভিশন এবং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি ও ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনলজির ( নয়া দিল্লি) মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দুই পক্ষের মধ্যে। ভারতের ওপর দিয়ে নেপাল-বাংলাদেশ ট্রানজিট প্রটোকলে নতুন একটি দফাও (অ্যাডেন্ডাম) যোগ করা হয়। লাল গালিচা সংবর্ধনা প্রতিবেশী দুই দেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা ঘটানোর লক্ষ্য নিয়ে নয়া দিল্লি থেকে রওনা হয়ে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মনমোহন। ঢাকায় নামার পর ১৯ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় তাকে; দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে মনমোহন সিংকে অভ্যর্থনা জানান। বিশেষ বিমান থেকে নামার পর ভিআইপি টারমাকে দুটি শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ভারতীয় প্রধানমন্ত্রী ও তার স্ত্রী গুরুশরণ কাউরকে। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বাজানো হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সড়ক পথে সাভারের উদ্দেশে রওনা হন মনমোহন। সেখানে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে কামরাঙ্গা গাছের একটি চারাও রোপণ করেন। স্মৃতিসৌধ থেকে ঢাকায় সোনারগাঁও হোটেলের পথে রওনা হন মনমোহন। দুই দিনের সফরে এই হোটেলেই থাকবেন তিনি। ১২ বছরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনই প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকা এলেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ লাগোয়া চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এত জন মুখ্যমন্ত্রী নিয়ে এর আগে ভারতের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেননি। মনমোহনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাও রয়েছেন। সফরসঙ্গী চার মুখ্যমন্ত্রী হলেন- আসামের তরুণ গোগৈ, মেঘালয়ের মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার এবং মিজোরামের পু লালথানহাওলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএসজেড/জেকে/২২৩২ ঘ.