দলিল লেখক থেকে রাজনীতির স্কুলে নাম লেখানো পু লালথানহাওলা মিজোরামের মুখ্যমন্ত্রীর দায়িত্বে এসেছেন কয়েকবার। সর্বশেষ ২০০৮ সালের ১১ ডিসেম্বর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। মিজোরামের শান্তি প্রক্রিয়ায় অসামান্য অবদান রাখা বর্ষীয়ান এ নেতা ১৯৮৪ সালে প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।
জেলা পরিষদের স্কুল পরিদর্শকের দপ্তরে দলিল লেখক ও সংরক্ষক (রেকর্ডার) হিসেবে কর্মজীবন শুরু করেন লালথানহাওলা। পরবর্তীকালে আসাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাংকে সহকারী হিসেবে যোগ দেন। ১৯৬৬ সালে মিজো ন্যাশনাল ফ্রন্টে (এমএনএফ) যোগ দেন। এই সংগঠনের সম্পাদকের দায়িত্বে থাকাকালে কারাবন্দি হন। ১৯৬৭ সালে শিলচর কারাগার থেকে মুক্ত হয়ে কংগ্রেসে যোগ দেন তিনি।
১৯৭৩ সালে কংগ্রেসের রাজ্য কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নেতৃত্বে মিজোরামে কংগ্রেস ক্রমশ শক্তিশালী সংগঠনে পরিণত হয়। ১৯৮৪ সালে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ১৯৮৬ সালে ভারত সরকারের সঙ্গে এমএনএফ'র একটি শান্তি চুক্তি হয়। সে চুক্তির আওতায় এমএনএফ'র নেতা পু লালডেঙ্গার কাছে ক্ষমতা হস্তান্তর করেন লালথানহাওলা। ওই চুক্তির ফলে ১৯৮৭ সালের ফেব্র"য়ারিতে 'রাজ্য' হিসেবে স্বীকৃতি পায় মিজোরাম। সে বছর মিজোরামে প্রথমবারের মতো এমএলএ নির্বাচন হয়। তখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন লালথানহাওলা। ১৯৮৯ ও ১৯৯৩ সালে মুখ্যমন্ত্রী পুনর্নির্বাচিত হন তিনি। তবে ১৯৯৮ সালের নির্বাচনে এমএনএফ -এর কাছে পরাজিত হয়ে ক্ষমতা থেকে সরে যেতে হলেও ২০০৮ সালের নির্বাচনে কংগ্রেস নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আবারো মুখ্যমন্ত্রী হন লাল থানহাওলা।
১৯৪২ সালের ৬ মে জন্ম নেওয়া লালথানহাওলা ১৯৫৮ সালে মেট্রিক ও ১৯৬১ সালে ইন্টারমিডিয়েট পাস করে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীন আজল কলেজ থেকে ১৯৬৪ সালে বিএ পাস করেন। তিন সন্তানের জনক লালথানহাওলার শখ বাগান করা, গান শোনা।
bdnews24