পশ্চিমবঙ্গ ও কেরালায় পতন হলেও ভারতে এখন শুধু ত্রিপুরায় উড়ছে লাল ঝাণ্ডা, আর তার কাণ্ডারি মানিক সরকার। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) পলিটব্যুরো সদস্য মানিক এক দশকেরও বেশি সময় ধরে এ রাজ্যের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। গাড়ি-বাড়ি-জমি কিছুই না থাকায় ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হিসেবেও পরিচিতি তার।
১৯৪৯ সালের ২২ জানুয়ারি দক্ষিণ ত্রিপুরার রাধাকিশোরপুরে এক মধ্যবিত্ত ঘরে জন্ম নেন মানিক। এক অস্থির সময়ে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৬৭ সালে ত্রিপুরার তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে খাবারের দাবিতে ব্যাপক আন্দোলন হয়। ওই গণআন্দোলনে বলিষ্ঠ ভূমিকাই তাকে সিপিএমের সংস্পর্শে নিয়ে আসে এবং ১৯৬৮ সালে তিনি পার্টির সদস্য হন। স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) প্রার্থী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে এসএফআই-এর রাজ্য কমিটির সম্পাদক এবং সর্বভারতীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী মানিক ১৯৭২ সালে সিপিএমের রাজ্য কমিটিতে স্থান পান। ১৯৭৮ সালে দলের সম্পাদক মণ্ডলীতে ঢোকেন। ওই বছর সিপিএম ত্রিপুরার ক্ষমতায় যায়। ১৯৯৮ সালে ধানপুর থেকে নির্বাচিত হয়ে রাজ্যের চতুর্থ বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে মানিক মাসে ৯ হাজার ২০০ রুপি বেতন এবং ১ হাজার ২০০ রুপি অতিরিক্ত ভাতা পান। বেতন-ভাতার পুরো অর্থই তিনি দলীয় তহবিলে দেন। স্ত্রী পাঞ্চালি বন্দ্যোপাধায় ভারত সরকারের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বোর্ডের কর্মকর্তা। তিনিও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। রিকশা বা অটো রিকশায় চড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। কোনো অনুষ্ঠানে স্ত্রী ও তিনি যোগ দিলে মানিক তার সরকারি গাড়িতে এবং স্ত্রী রিকশা বা অটো রিকশায় যান। সাধারণ মানুষের মতো জীবনযাপন ও সততার কারণে তার সরকারের কঠোর সমালোচক এবং কংগ্রেস শিবিরসহ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও মানিক সরকারের প্রতি শ্রদ্ধা দেখান।
bdnews24