২০০১ সালে শুরু, তারপর থেকে টানা আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তরুণ গোগৈ। একসময়ের সংঘাতময় আসামে অর্থনৈতিক অগ্রগতির ধারা বজায় রেখে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টায় আছেন এ কংগ্রেস নেতা। আর তাতে অনেকটা সফলই বলা যায় তাকে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিশেষ করে উলফার সঙ্গে শান্তি আলোচনা শুরু করে রাজ্যের মানুষের মধ্যে স্বস্তি এনেছেন তিনি।
১৯৩৬ সালের ১ এপ্রিল আসামের জরহাট জেলার রাঙ্গাজন টি স্টেটে জন্ম তরুণের। জরহাট সরকারি বালক বিদ্যালয়ে লেখাপড়া শেষে জরহাটের জেবি কলেজ থেকে স্নাতক ও গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন তিনি। ছাত্রজীবনেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। ১৯৭১ সালে জরহাট থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন তরুণ, একই এলাকা থেকে আরো দুই বার লোকসভায় প্রতিনিধিত্ব করেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল মেয়াদে কেন্দ্রীয় সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
২০০১ সালের ১৭ মে কংগ্রেসের হয়ে প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন তরুণ। ২০০৬ সালের নির্বাচনে কংগ্রেস আবারো ক্ষমতায় আসে, দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হন তিনি। সর্বশেষ ২০১১ সালের নির্বাচনে এজিপি-বিজেপি জোটকে ধরাশায়ী করে ২০ বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে কংগ্রেস।
bdnews24