২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে ‘বাংলাদেশের সেরা’ ডিএমপি: কমিশনার

“ডিএমপি বাংলাদেশের সেরা পুলিশ ইউনিট। খেলাধুলায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনসহ যেকোনো ক্রাইসিস মোকাবেলায় ডিএমপি তাদের দক্ষতার স্বাক্ষর রাখবে।”

পুলিশে ‘বাংলাদেশের সেরা’ ডিএমপি: কমিশনার

ডিএমপির ফুটবল ও হকি দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2023, 07:56 PM

Updated : 15 Mar 2023, 07:56 PM

ঢাকা মহানগর পুলিশ সারাদেশে বাহিনীটির ‘সেরা ইউনিট’ বলে মনে করেন এর কমিশনার খন্দকার গোলাম ফারুক।

কোন দিকে দিয়ে সেরা, সরাসরি তার ব্যাখ্যা না দিয়ে তিনি বাহিনীটির সদস্যদের শারীরিকভাবে ‘ফিট’ থাকার পরামর্শ দিয়েছেন। বলেছেন, “রাজধানীর দুই কোটি নাগরিকের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখার পরেও পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় অধিকাংশ ইভেন্টে চ্যাম্পিয়ন হয় তারা।”

বুধবার রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপির ফুটবল ও হকি দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশ কমিশনার।

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২১ ও পুলিশ হকি চ্যাম্পিয়নশিপ ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় ঢাকা মহানগর পুলিশ।

গোলাম ফারুক বলেন, “ডিএমপি বাংলাদেশের সেরা পুলিশ ইউনিট। খেলাধুলায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনসহ যেকোনো ক্রাইসিস মোকাবেলায় ডিএমপি তাদের দক্ষতার স্বাক্ষর রাখবে।”

পুলিশ সদস্যদের আরও ‘দায়িত্বশীলতার সঙ্গে ডিউটি করা’, মানুষের মানসিক অবস্থা বুঝে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট করা’র বিষেয়ে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন তিনি।

‘শরীর ফিট রাখার’ ওপরও জোর দেন ডিএমপি কমিশনার। বলেন, “খেলাধুলা আমাদের অপশনাল কাজ, আমাদের মূল কাজ ঢাকা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা করা। এজন্য আমাদের শরীর ফিট রাখতে হবে। আর শরীর ফিট রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।”

ডিএমপির পুলিশ সদস্য ইসা ফয়সাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ায় তাকে শুভেচ্ছা স্মারকও তুলে দেন ডিএমপি কমিশনার।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।