Published : 24 Aug 2026, 11:28 PM
ইয়াবা কারবারের অভিযোগে ঢাকার পল্লবী থানার এক এএসআইকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম মো. শফিকুল ইসলাম (৪৩)। তার সঙ্গে একই অভিযোগে ওয়াসিম (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণখান থানার ওসি মো. ফইমউদ্দিন বলেন, রোববার রাতে উত্তরার আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আজমপুর কাঁচাবাজার এলাকায় পুলিশের অভিযানকালে ওয়াসিম পালানোর চেষ্টা করেন। তাকে আটক করার পর তল্লাশি চালিয়ে ৫০টি ইয়াবা পাওয়া যায়।
“পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তারপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও পাঁচ হাজার ১১০টি ইয়াবা পাওয়া যায়।”
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দক্ষিণ খানসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন।
এএসআই শফিকুলের বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই মাস আগে শফিকুল পল্লবী থানায় যোগ দেন। তবে যোগদানের পর থেকে তিনি থানায় দায়িত্ব পালন করেননি।
“তাকে অনুপস্থিত দেখিয়ে গত জুনেই আমরা থানা থেকে প্রতিবেদন দিয়েছিলাম। সে ভালো না,” বলেন ওসি।