২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিপাতের মধ্যেই দুদিন গরমের আভাস

“সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে কমে আসবে তাপমাত্রা,” বলেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:42 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

শ্রাবণের প্রথম দুদিনে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা খানিকটা বাড়ার আভাস রয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল ও খুলনার দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

“দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতও হতে পারে। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়লে কমে আসবে তাপমাত্রা।”

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া পরের দিন বুধবার দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ও মাঝারি ধরনের ভারি বর্ষণের আভাস থাকলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় শেষে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।