২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শিশু অপহরণের অভিযোগে নারী গ্রেপ্তার

ভুক্তভোগীর পরিবারের সঙ্গে জানাশোনা ছিল অপহরণকারীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 03:33 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

দুই বছরের এক কন্যাশিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকার বাড্ডা থানা পুলিশ।

সোমবার ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে সুমাইয়া আক্তার মুক্তা নামের ৪৫ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

মুক্তা রাজধানীর উত্তর বাড্ডা এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে থাকে জানিয়ে বাড্ডা থানার ওসি ইয়াসীন গাজী বলেন, মরিয়ম নামের যে শিশুকে অপহরণ করা হয়েছিল, তার বাবা মনু মিয়া একজন দিনমজুর। আর শিশুর মা রিমা বিবি বাসাবাড়িতে কাজ করেন। তারা উত্তর বাড্ডায় থাকেন।

“একই এলাকায় পাশাপাশি থাকার কারণে রিমা বিবির সাথে মুক্তার একটা সুসম্পর্ক হয়। এই সুসম্পর্কের সূত্র ধরে মুক্তা অপহরণের ঘটনা ঘটায়।”

বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, গত ১৮ মে শিশুটিকে অপহরণ করে চাঁদপুরে নিয়ে যায়। এরপর সেখান থেকে মুক্তিপণ হিসাবে ১০ হাজার টাকা চেয়েছিলেন মুক্তা। বিষয়টি শিশুটির বাবা-মার কাছ থেকে জানতে পেরে পুলিশ তৎপর হয়ে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অপহারণকারী নারীকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজন।