Published : 18 Aug 2024, 04:37 PM
দেশে কর্মরত বৈধ ও অবৈধ বিদেশি শ্রমিকদের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেয়।
বাংলাদেশে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তা তদন্তের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
অ্যাডভোকেট এম সরোয়ার হোসেন বলেন, অবৈধভাবে বিদেশি শ্রমিক কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কেন কর্তৃপক্ষের অবহেলা ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
“একই সঙ্গে দেশে বৈধ ও অবৈধভাবে কত বিদেশি শ্রমিক কাজ করছে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে আদেশ দিয়েছেন।”
সুপ্রিম কোর্টের আইনজীবী এম সরোয়ার হোসেন ‘অবৈধ বিদেশি খেদাও আন্দোলন’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক।
তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি তারা এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা বলেন, দেশে ১০ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। এর ফলে এ দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় আইনি পদক্ষেপ হিসেবে রিট আবেদন করেছেন বলে জানান এই আইনজীবী।
আরও পড়ুন: