২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের মধ্যে ১১ দিন লঞ্চে মোটরসাইকেল তোলা নিষিদ্ধ

লঞ্চে বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন কিংবা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

ঈদের মধ্যে ১১ দিন লঞ্চে মোটরসাইকেল তোলা নিষিদ্ধ

ফেরিতে মোটরসাইকেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 07:56 PM

Updated : 13 Apr 2023, 07:56 PM

ঈদে যাত্রীদের ভিড় থাকে বলে লঞ্চে অতিরিক্ত বোঝা এড়াতে মালামাল বহন নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ, যার মধ্যে মোটরসাইকেলও রয়েছে।

লঞ্চে বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন কিংবা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

অতিরিক্ত ভাড়া আদায় করলে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩-তে যে কেউ অভিযোগ জানাতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল রোজার ঈদ উদযাপন হবে। ঈদ করতে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নৌপরিবহণ মন্ত্রণালয় কিছু সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে গত ৩০ মার্চ প্রতিমন্ত্রী খলিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, ঢাকা সদরঘাটে যাত্রীবাহী সব নৌযানে ঈদের আগে ৫ দিন মালামাল ও মোটরসাইকেল পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের পরের ৫ দিন অন্যান্য নদী বন্দর হতে ঢাকা সদরঘাটে আগত নৌযানেও মালামাল ও মোটরসাইকেল পরিবহন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

পুরনো খবর:

ঈদে মোটরসাইকেলে পদ্মা পাড়ি: সেতুর বিকল্প হচ্ছে ফেরি

আগামী ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

রাতের বেলায় সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ এবং আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।

  • লঞ্চ ও ফেরির সব কর্মীকে নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে।

  • লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখতে হবে এবং সেগুলো যাত্রীদের নাগালের মধ্যে রাখতে হবে।

  • প্রত্যেক লঞ্চে প্রশস্ত সিঁড়ি এবং সিঁড়ির দু’পাশে মজবুত রেলিংয়ের ব্যবস্থা করতে হবে।

  • সব ফেরি ও লঞ্চ ঘাটে অবস্থিত টয়লেটসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নিতে হবে।

  • সব নদী বন্দরের টার্মিনাল ও ঘাট বা পয়েন্ট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন আলোর ব্যবস্থা করতে হবে।

সুষ্ঠু ও নিরাপদ ঈদ যাত্রার স্বার্থে নৌপরিবহন মন্ত্রণালয় আটটি ভিজিলেন্স টিম গঠন করেছে। ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ভিজিলেন্স টিম সংশ্লিষ্ট নৌ বন্দরে কাজ করবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর এবং বিআইডব্লিউটিসি এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

লঞ্চ ও ফেরিঘাট এলাকায় কর্মরত বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌপুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।