ঈদে মোটরসাইকেলে পদ্মা পাড়ি: সেতুর বিকল্প হচ্ছে ফেরি
মহাসড়কে ঈদের তিন দিন আগে থেকে রড, সিমেন্টসহ মালবাহী নির্মাণ উপকরণবাহী ট্রাক বন্ধ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পদ্মাসেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ঈদে বিকল্প হিসেবে ফেরিতে দুই চাকার এ বাহন পারাপারের ব্যবস্থা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বাড়িমুখী বাইক চালকদের পদ্মা নদী পাড়ি দিতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি যাবে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে।
ঈদের দিন এবং আগে-পরের পাঁচ দিন করে ১১ দিন মোটরসাইকেলে পদ্মা পারাপারে ফেরি চালানোর ব্যবস্থা থাকার কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
বুধবার সংস্থার জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে এ ঘাটে থাকা পাঁচটি ফেরি ঈদের সময়ে মোটরসাইকেল পরিবহনের জন্য চলাচল করবে। চাহিদা অনুযায়ী ফেরিতে পারাপারের দিনক্ষণ বাড়তে পারে।
রোজার ঈদের সময় ঢাকা থেকে বাড়িমুখী কিংবা ওপার থেকে ঢাকার পথে আসা বাইক চালকদের জন্য দিন-রাতের সব সময় ফেরি থাকবে বলে তিনি জানান।
ঈদের ছুটির সময় ২০২২ সালে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।
তাছাড়া পদ্মাসেতুতে চলাচল নিষিদ্ধ থাকায় পদ্মা পাড়ি দেওয়া নিয়ে বেকায়দায় রয়েছেন মোটরসাইকেলে যাতায়াতকারীদের একটি বড় অংশ। দেশের বৃহত্তম এ সেতু চালু হওয়ার পর শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল না করায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।
তবে এবার রোজার ঈদে মহাসড়কে মোটরসাইকেল চালাতে আগেরবারের মতো সেরকম কোনো বাধা থাকছে না বলে আগেই জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এখন বাইক চালকদের যাতায়াতের সুবিধার জন্য ফেরি চালু রাখার সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার সচিবালয়ে রোজার ঈদের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সামনে আসেন আসাদুজ্জামান কামাল।
তিনি বলেন, “পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষেধ থাকায় তার বিকল্প হিসেবে একটি ফেরি চালু থাকবে। যে ফেরি দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার হবে।”
ঈদে গার্মেন্ট শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ ও ছুটি, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয় বলেও জানান তিনি।
ঈদের তিন দিন আগে থেকে রড, সিমেন্টসহ মালবাহী নির্মাণ উপকরণ পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধ থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের পরদিন থেকে সেগুলো আবার চলবে।
তবে যথানিয়মে রপ্তানি পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যান চলাচল করবে বলে জানান তিনি।
ঈদের ছুটির সময় শিল্পাঞ্চলের যেসব এলাকায় ব্যাংক খোলা থাকা প্রয়োজন সেসব জায়গায় ব্যাংক খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, দেশজুড়ে রোজার ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রস্তুত হচ্ছে শিমুলিয়া ঘাট
ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে যারা দক্ষিণের পথে যেতে চান তাদের জন্য পদ্মা পারাপারে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় ভিআইপি ফেরি ঘাট প্রস্তুত করছে বিআইডব্লিউটিসি। ঘাটের কাছে নাব্য বাড়াতে করা হয়েছে ড্রেজিং।
তবে পদ্মাসেতু কর্তৃপক্ষের অনুমতির জন্য তাদের কাছে চিঠি দেওয়ার কথাও জানিয়েছে সংস্থার পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান।
তিনি জানান, শিমুলিয়ার চারটি ঘাটের মধ্যে ভিআইপি ফেরি ঘাটটি মোটরসাইকেল পারাপারের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে একটি মাঝারি আকারের ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে চাপ থাকলে ফেরির সংখ্যা বাড়ানো হবে।
এই কর্মকর্তা জানান, শিমুলিয়া ঘাট থেকে পদ্মা সেতুর ২২ ও ২৩ নম্বর পিলারের মাঝ দিয়ে উপরের দিকে ফেরি চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর সেখানে জেগে ওঠা চরটি পার হয়ে বাম দিকে মোড় নিয়ে আবার নিচের দিকে নেমে পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝ দিয়ে মাঝিরকান্দি ঘাটে পৌঁছাবে।
একইভাবে মাঝিরকান্দি ঘাট থেকে সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝ দিয়ে উপরের দিকে গিয়ে ডান দিকে মোড় নিয়ে আবার নিচের দিকে ২২ ও ২৩ নম্বর পিলারের মাঝ শিমুলিয়া ঘাটে এসে পৌঁছবে।
মূলত সেতুর নিচ দিয়ে ইউটার্ন নিয়ে চলাচল করবে ফেরি জানিয়ে তিনি বলেন, এটি এখন নির্ভর করছে পদ্মাসেতু কর্তৃপক্ষের উপর। যদি সেতু কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়, তবেই ফেরি চলবে।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বুধবার দুপুরে জানান, এ বিষয়টি তারা জেনেছেন। এখন পদ্মায় পানি কম। স্রোতও তেমন নেই। অনুমতি এখনও দেওয়া হয়নি। তবে জাতীয় স্বার্থে অবশ্যই অনুমতি দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার মো. জামাল হোসেন জানান, ২৫-২৬ রোজা থেকে মোটরসাইকেল ও যাত্রী পারাপারের প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে লঞ্চ ঘাটে কয়েকটি লঞ্চ থাকলেও সেখানে কোনো যাত্রী নেই। মাঝে মধ্যে লঞ্চ দিয়ে মোটরসাইকেল পারাপার করা হয় বলে জানান তিনি।
ঈদে শিমুলিয়ায় ফেরি চালাতে বিআইডিব্লউটিসির চিঠি পাওয়ার কথা জানিয়ে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরি রাখার ব্যাপারে নির্দেশনা এসেছে। ঘাট ও ফেরি প্রস্তুত রয়েছে। তবে তা নির্ভর করছে পদ্মাসেতু কর্তৃপক্ষের অনুমতির উপর।
