Published : 10 Aug 2026, 10:17 PM
প্রাণ-প্রকৃতির পাশে থাকার মানসিকতা গড়ে তোলার জন্য স্কাউট সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ আহ্বান আসার কথা জানান তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, তাদেরকে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে; মানুষের পাশে দাঁড়ানো এবং প্রাণ-প্রকৃতির পাশে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল দেশে একটি পরিবর্তন আনা। এমন একটি পরিবর্তন, যার মধ্য দিয়ে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ অন্তত শান্তিতে বসবাস করতে পারবে।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।