১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এগোতে হবে মুক্তিযুদ্ধের আদর্শ ধরেই: তপু রায়হান

“চব্বিশের অভ্যুত্থানের পরেও আমরা তো সত্যিকার অর্থে স্বাধীন হতে পারিনি। এজন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে,” বলেন তিনি।

এগোতে হবে মুক্তিযুদ্ধের আদর্শ ধরেই: তপু রায়হান
‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই হাতে শহীদ বুদ্ধিজীবী চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 12:23 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

যে আদর্শ নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা ধরেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে তপু রায়হান। 

তিনি বলেছেন, “একাত্তরের আলোকে মুক্তিযুদ্ধের চেতনার যে শিকড়, তা ধরে রাখতে হবে। এই শিকড় যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আমরা সামনে এগোতে পারব না।”

শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন ‘রক্তরেখায় বাংলাদেশ’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তপু রায়হান মনে করেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ‘অসাম্প্রদায়িকতা’ এখনো রয়ে গেছে।

“মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন সম্ভব হয়নি বলেই চব্বিশের গণঅভ্যুথানের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। চব্বিশের অভ্যুত্থানের পরও আমরা তো সত্যিকার অর্থে স্বাধীন হতে পারিনি। এর জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আমি আশাবাদী, যেখানে বৈষম্যহীনতা থাকবে না, যেখানে সঠিক গণতন্ত্রের চর্চা হবে, সেই জায়গায় আমরা ইনশাআল্লাহ শিগগিরই যেতে পারব।”

চলচ্চিত্রকার জহির রায়হান ও অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দার ছেলে তপু রায়হান। তিনি জন্মগ্রহণ করেন ঢাকায়; তার পারিবারিক শিকড় ফেনীতে। 

তপুর শৈশব ও কৈশোরের শিক্ষা জীবন কেটেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 

কর্মজীবনে তপু রায়হান একজন ব্যবসায়িক উদ্যোক্তা। এক সময় সিনেমায় অভিনয়ও করেছেন তপু। শিল্প ও সংস্কৃতির সঙ্গে তার গভীর সম্পৃক্ততা রয়েছে।

‘রক্তরেখায় বাংলাদেশ’ প্রসঙ্গে তপু রায়হান বলেন, “মুক্তিযুদ্ধকে আমি জেনেছি ইতিহাস পাঠ করে। নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস জরুরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে ‘রক্তরেখায় বাংলাদেশ’ নামে যে সংকলনটি প্রকাশ হয়েছে, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে।”

‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, শহীদ বুদ্ধিজীবী চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান, ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ জুলিয়ান ফ্রান্সিস, মুক্তিযোদ্ধা লিনু হক এবং সংকলনের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, শহীদ বুদ্ধিজীবী চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান, ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ জুলিয়ান ফ্রান্সিস, মুক্তিযোদ্ধা লিনু হক এবং সংকলনের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

ঢাকা-১৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তপু রায়হান। 

তিনি বলেন, “বাবার যে আদর্শ, তা থেকে অনুপ্রাণিত হয়েই আমি রাজনীতিতে সক্রিয় হয়েছি। গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চাটা যেন আমরা চালু রাখতে পারি; একটি সত্যিকারের স্বাধীন দেশ হিসেবে যেন আমরা সারা পৃথিবীতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি।”

বহুমাত্রিক জনযুদ্ধের ইতিহাসকে তিন খণ্ডের সংকলনে মলাটবদ্ধ করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

‘রক্তরেখায় বাংলাদেশ–অন্তহীন যুদ্ধ: গৌরব, বেদনা আর শিকড়ের ইতিহাস’ শিরোনামে এ সংকলনের প্রথম খণ্ড প্রকাশিত হয় গত বিজয় দিবসে। 

এবার ৩১ জানুয়ারিতে প্রকাশিত হল সংকলটির দ্বিতীয় খণ্ড। সংকলনটি সম্পাদনা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হয়ে এসেছিলেন মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন ও ফেরদৌসী হক লিনু (লিনু হক) এবং মুক্তিযুদ্ধের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস।

আগের খবর

শিকলভাঙার ইতিহাস 'রক্তরেখায় বাংলাদেশ

'রক্তরেখায় বাংলাদেশ': ইতিহাসের পুনর্পাঠ

'রক্তরেখায় বাংলাদেশের' দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

একাত্তর 'নিকৃষ্টতম প্রজন্ম', শুনে বুক ফেটে যায়: মুক্তিযোদ্ধা শাহজাহান

বীরাঙ্গনার আকুতি: 'আমাদের আর অপমান কইরেন না'

আমরা এখন একটা বাধাগ্রস্ত অবস্থায় চলছি: মুক্তিযোদ্ধা শহিদউল্লাহ