প্রগতি সরণিতে খুন: শতাধিক সিসি ক্যামেরা ঘেঁটে খুনির সন্ধান
ঢাকার এক রেস্তোরাঁকর্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন ছিনতাইকারীকে।
ঢাকার প্রগতি সরণিতে এক রেস্তোরাঁকর্মী খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই এলাকার শতাধিক সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে ওই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ বুধবার জানিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে কর্মস্থল গুলশান থেকে ফেরার পথে গুদারাঘাট এলাকায় ছুরিকাহত হন রেস্তোঁরাকর্মী সুমন চন্দ্র পাল।
বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনজনকে গ্রেপ্তারের কথা জানায়। তারা হলেন আরিফ তালুকদার (২০), ইমরান হোসেন (২৩) ও শ্যামল রায় (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিবাগ আবুল হোটেল থেকে নতুন বাজার পর্যন্ত শতাধিক সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে গুলশান বিভাগের গোয়েন্দা (ডিবি) জোনাল টিম সম্ভাব্য খুনিদের শনাক্ত করে। এরপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রিকশা, চাকু ও ঘটনার সময় আসামিদের পরা কাপড় জব্দ করার কথাও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন সেই রাত ২টার দিকে গুদারাঘাটের মেসে ফেরার জন্য প্রগতি সরণির বাড্ডা লাজ ফার্মার বিপরীতে ফুটপাতে পৌঁছলে ওই তিনজন একটি রিকশায় এসে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সুবাস্তু মার্কেটের বিপরীতে সুমনকে পেয়ে তার সাথে থাকা একটি ব্যাকপ্যাক ও মোবাইল নিয়ে টানাটানি করার একপর্যায়ে সুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তারা সুমনের ব্যাগপ্যাক এবং মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনায় সুমনের স্ত্রী প্রতিমা রানী পাল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।
বিয়ের ১৭ দিনের মাথায় হত্যাকাণ্ডের শিকার হন সুমন।
গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দুটি মাদক মামলা, একটি ডাকাতি মামলা ও দুটি দস্যুতা মামলা এবং শ্যামলের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলা, দুটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
