গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
“বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।”
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
রাষ্ট্রপ্রধান বলেন, “গণতন্ত্র কোনো একদিনের বিষয় নয়; এটি ধারাবাহিকভাবে চর্চা ও সুরক্ষা করতে হয়। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।”
সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া তুলে ধরেন সমিতির নেতারা। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।
আইনজীবী সমিতির নেতারা তাদের আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা ও হৃদ্যতার কথা স্মরণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধের বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার কারাজীবন ও গণতন্ত্রের জন্য তার সংগ্রামের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।
হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে খালেদা জিয়ার অবস্থানের কথা তুলে করে মির্জা ফখরুল বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে; সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।”
আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “আইনজীবীরাই অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
“পেশাদারত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালন করতে হবে।”
