নিহত পুলিশ সদস্যের পরিবারকে ডিএমপির আর্থিক সহায়তা
২ লাখ টাকার আর্থিক অনুদান পেয়েছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কনস্টেবল মনিরুজ্জামানের পরিবার।
ঈদের ছুটি কাটিয়ে শেরপুর থেকে ঢাকায় এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারানো পুলিশ কনস্টবল মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কশিনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে নিহত মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তখন তাদের প্রতি কমিশনার সহমর্মিতা প্রকাশ করেন এবং ওই পরিবারের হাতে ২ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।
কমিশনার নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার মহা. আশরাফুজ্জামান, মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
মনিরুজ্জামান ১ জুলাই ভোর রাতে ফার্মগেইটের আল রাজি হাসপাতালের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি শেরপুর। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
