২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি নামেনি ৫ দিনেও, জুরাইনে বিক্ষোভ

“খাল সব উঁচু হয়ে গেছে, ড্রেন আবর্জনায় ভরে গেছে; বৃষ্টির পরদিন ড্রেন থেকে প্রায় দুই ট্রাক ময়লা সরাইছি,” বলেন ওয়ার্ড কাউন্সিলর।

পানি নামেনি ৫ দিনেও, জুরাইনে বিক্ষোভ
জুরাইনে বৃষ্টিতে জমা পানি নামেনি পাঁচ দিনেও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 12:02 AM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা পাঁচ দিনেও নিরসন না হওয়ায় বিক্ষোভ করেছেন ঢাকার জুরাইন এলাকার একদল বাসিন্দা।

শুক্রবার দুপুরে পূর্ব জুরাইনের একটি সড়কের পাশে বসে তাদের বিক্ষোভ করেন। ওই এলাকায় রান্নার গ্যাসের চাপ বাড়ানোর দাবিও জানান তারা।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার ভারি বৃষ্টিতে জুরাইন এলাকার নিচু সড়কগুলো ডুবে যায়। পাঁচ দিন পর শুক্রবারও নিচু সড়ক ও গলিতে পানি দেখা যায়। নোংরা পানি মাড়িয়েই চলছেন সেখানকার বাসিন্দাদের।

বিক্ষোভে অংশগ্রহণকারী জুরাইনের মিজানুর রহমান বলেন, “আমাদের পয়সা, আমাদের সম্পদ, আমাদের সবকিছু। তাহলে আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের (কর্তৃপক্ষ) এত গড়িমসি কেন? 

“মাসের পর মাস, বছর পর বছর ধরে গ্যাস না পেয়েও মানুষ বিল দিয়ে যাচ্ছে। গ্যাসের আশায় মানুষের দৌড়াদৌড়ি দেখছি। এসব দেখতে আর সহ্য হচ্ছে না, অসুস্থ হয়ে যাচ্ছি।”

ওই এলাকার কুসুমবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রনি ঠাকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সুয়ারেজ ব্যবস্থা নেই। আমাদের লেইনটা যদি উঁচু হইত, তাহলে সুয়ারেজটা করতে পারত।”

জুরাইন এলাকার মিজানুর রহমান নামে আরেক ব্যক্তি বলেন, “৫৩ নম্বর ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতা সংকট সমাধান ও রাস্তা উঁচু করার কাজটা গুরুত্ব দিয়ে সময়মত যদি হত, তাহলে আজকের এই সংকটে পড়তে হত না। এখানে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে কচ্ছপের গতিতে।”

জানতে চাইলে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর হোসেন মীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একসময় এ এলাকায় পানি জমত না। এখানের পানি নিচু এলাকায় চলে যেত।

“৫৩ নম্বর ওয়ার্ডের পরে ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ড এগুলোতে ধান ক্ষেত ছিল। তাই আমাদের জুরাইনে পানি জমত না। পানি নিচু এলাকায় চলে যেত। এখন সেখানে বাড়ি-ঘর হয়ে গেছে, আর আমাদের এলাকা হয়ে গেছে নিচু। আমাদের শ্যামপুর খাল, জিয়া স্মরণি খাল এবং তিতাস খাল সব উঁচু হয়ে গেছে। ড্রেন আবর্জনায় ভরে গেছে। আমরা বৃষ্টির পরদিন ড্রেন থেকে প্রায় দুই ট্রাক ময়লা সরাইছি।”