২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল উদ্ধার: ঢাকায় তিনজনের যাবজ্জীবন

মাদকের এই মামলায় যাবজ্জীবন সাজার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 04:35 PM

Updated : 11 Jun 2023, 04:41 PM

ছয় বছর আগে রাজধানীর বাংলামোটর এলাকায় একটি ট্রাক থেকে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে রোববার এই  রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরার দক্ষিণ আলীপুর থানার আমির আলীর ছেলে মো. কাওছার আলী, একই এলাকার রেজাউল করিমের ছেলে মো. কামাল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একবরপুর গ্রামের জসিম উদ্দিনেরর ছেলে শফিকুল ইসলাম।

তিনজনের মধ্যে কাওছার ছিলেন ওই ট্রাকের চালক এবং কামাল ও জসিম তার সহকারী।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রায় ঘোষণার আগে তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ১ মার্চ বাংলামোটর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মো.আমিনুল ইসলাম রমনা মডেল থানায় মামলা করেন। ওই বছরের ২৭ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৫ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

বিচারক এই মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেছেন।