বাজেট দিতে অধিবেশনে বসল সংসদ
বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন।
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনেই ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব এবং সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে তা পাস হবে। চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হয়।
তিনি সবাইকে বাজেট অধিবেশনে স্বাগত জানিয়ে বলেন, “বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পেশ করবেন।
“বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। সকলের আলোচনায় এ অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে।”
বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। তারা হলেন: এ বি তাজুল ইসলাম, মো শাহাব উদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে তারা সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন।
শোক প্রস্তাবে নেই আনারের নাম
পরে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নাম শোক প্রস্তাবে ছিল না।
সম্প্রতি কলকাতায় গিয়ে তিনি 'খুন' হলেও তার মরদেহ পাওয়া যায়নি। ফলে মৃত্যু সনদও জারি হয়নি। এ কারণে তার বিষয়ে কোনো শোক প্রস্তাব গ্রহণ হয়নি। তার সংসদীয় আসনও শূন্য ঘোষণা হয়নি।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত
অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদ, বাজেটের ওপর আলোচনাসহ সার্বিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়।
এটি চলতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক। কমিটির সভাপতি স্পিকার নিজেই। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জিএম কাদেরও অংশ নেন।
বৈঠকে ছিলেন ডেপুটি স্পিকার মো শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ক্ষমতাসীন দলের আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, আনিসুল হক ও দীপু মনি; বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন এবং স্বতন্ত্র আবদুল লতিফ সিদ্দিকী।
স্পিকারের অভিপ্রায় অনুযায়ী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন সংসদ বসবে না। তবে ২২ জুন ও ২৯ জুন শনিবার অধিবেশন চলবে।
প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অধিবেশন চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন আবার শুরু হবে।
সংসদের কার্যাবলীর পরিমাণ বিবেচনায় স্পিকার বাজেট অধিবেশনের স্থায়িত্বকাল নির্ধারণ করবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্য দিবস সম্পর্কিত যে কোনো পরিবর্তনের ক্ষমতা তাকে দেওয়া হয়েছে।
অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৮৯০টি প্রশ্নসহ মোট ১ হাজার ৯৭২টি প্রশ্ন পাওয়া গেছে।
বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৪টি।
বিধি-১৩১ এ সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা ১২৯টি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। ৫টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৩টি, পাসের অপেক্ষায় একটি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় একটি।
বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
