২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ট্রাভেল মার্টের পর্দা উঠল

“আমরা এমন একটি আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্লাটফর্ম তৈরি করতে চাই, যেখানে প্রদর্শনী দেখার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক যোগাযোগ ও ফলপ্রসূ বিটুবি মিটিং হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 03:58 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

ঢাকার শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা—বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম)।

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার পর্যন্ত। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) এ মেলার আয়োজন করেছে।

আয়োজকরা বলছেন, বিটিএমে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, পর্যটন সংস্থা এবং বিভিন্ন ট্রাভেল সার্ভিস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এসব প্রতিষ্ঠানের সাজানো স্টলে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং বিভিন্ন ভ্রমণসুবিধা এবং নানারকম বিশেষ সুবিধা তুলে ধরা হচ্ছে।

আয়োজকেরা বলছেন, দেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।

পাশাপাশি দেশের পর্যটন খাতের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরারও সুযোগ তৈরি করবে এ মেলা।

বোটোয়া বলছে, এবারের ট্রাভেল মার্টে প্রায় ১০০ প্রদর্শক, ৬০ জন ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজকদের ভাষ্য, এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ প্রি-শিডিউলড বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বায়ার-সেলার মিটিং।

অনলাইন প্রি-শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট (পিএসএ) ব্যবস্থার মাধ্যমে বায়ার ও সেলাররা আগে থেকেই পছন্দের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারছেন।

এর মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ, ট্যুর প্যাকেজ ও সেবা বিনিময়, চুক্তির সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরির সুযোগ তৈরি হচ্ছে, বলছে বোটোয়া।

বিটিএমে বিটুবি ছাড়াও সাধারণ দর্শনার্থীদের জন্য বিজনেস-টু-কনজ্যুমার (বিটুসি) কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হচ্ছে।

বিটুবি অংশে ট্রাভেল ট্রেডের পেশাজীবীরা দেশি-বিদেশি বায়ার ও সেলারদের সঙ্গে ব্যবসায়িক বৈঠক ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।

আর বিটুসি অংশে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ার টিকেট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য সম্পর্কে সরাসরি তথ্য নিতে পারছেন।

বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, “বাংলাদেশ ট্রাভেল মার্টকে আমরা শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।

“আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়লে দেশের পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বাজার, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।”

বোটোয়ার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, “আমরা এমন একটি আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্লাটফর্ম তৈরি করতে চাই, যেখানে প্রদর্শনী দেখার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক যোগাযোগ ও ফলপ্রসূ বিটুবি মিটিং হবে। 

“একই সঙ্গে সাধারণ ভ্রমণপ্রেমীরাও বিভিন্ন প্রতিষ্ঠান ও গন্তব্যের অফার সরাসরি যাচাই করার সুযোগ পাবেন।”

এর আগে এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পর্যটন অনুবিভাগ) প্রকাশ কান্তি চৌধুরী। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইংলেট উপস্থিত ছিলেন।