২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ ভাইকে নিয়ে উৎকণ্ঠা: ‘কীভাবে চিকিৎসা চালাব বুঝতেছি না’

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আহত ১৩৮ জন এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

গুলিবিদ্ধ ভাইকে নিয়ে উৎকণ্ঠা: ‘কীভাবে চিকিৎসা চালাব বুঝতেছি না’
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আহত অনেকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববারের ছবি।

মাছুম কামাল মাছুম কামাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 08:18 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

মুন্সীগঞ্জের ১৮ বছর বয়সী সোহাগ শেখ ছিলেন একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী। ১৯ জুলাই জুমার নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করে বের হয়েছিলেন। যাওয়ার পথে উত্তরায় আন্দোলনকারী-পুলিশের সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন তিনি।

পেটে, পুরষাঙ্গে গুলি লেগে গুরুতর আহত সোহাগ তাকিয়ে রইলেন ফ্যালফ্যাল করে। কোনো কথাই বলতে পারছিলেন না। ১০ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় আহত সোহাগ শেখ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববারের ছবি।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় আহত সোহাগ শেখ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববারের ছবি।

সোহাগের বিছানার পাশে বসে রোববার দুপুরে কথা বলছিলেন তার বড় ভাই সাগর শেখ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের রাজিব কমপ্লেক্সের একটি দোকানে কাজ করতেন তার ছোটভাই সোহাগ।

দুই ভাই মিলে পরিবারের হাল ধরেছিলেন। পাঁচ ভাই-বোনের সংসারে বাবা-মা দুজনেই অসুস্থ। দুই ভাইয়ের উপার্জনে চলত সংসার। কর্মক্ষম ভাই এইভাবে আহত হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে যেমন তৈরি হয়েছে অনিশ্চয়তা, তেমনি পরিবারেও এক গভীর সংকট তৈরি হয়েছে, বলছিলেন সাগর।

তিনি বলেন, “আমার ভাই তো কোনো আন্দোলনে ছিল না। সে অন্যদের মত বাসায় আসছিল। কিন্তু তার সঙ্গে এমন কিছু ঘটে যাবে, ভাবতেই পারিনি। এখন তার চিকিৎসার খরচ কীভাবে চালাব বুঝতেছি না। প্রধানমন্ত্রী ১০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তাতে তার চিকিৎসার খরচ মিটবে না।”

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আহত অনেকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববারের ছবি।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আহত অনেকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববারের ছবি।

সংঘর্ষ চলাকালীন আহত এই রোগীদের দেখতে শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গুলিতে আহত প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি সব ধরনের চিকিৎসা সেবা ও আয়-রোজগারের বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নজিরবিহীন সহিংসতায় আহত আরেকজন ভোলার ২৯ বছর বয়সী শেখ ফরিদ। ঢাকার মানিকনগর বিশ্বরোডের ঢালে স্ত্রীকে নিয়ে থাকেন। 

২০ জুলাই বিকালে দিনমজুর ফরিদ বিল্ডিংয়ের বেইজমেন্টে মাটি কেটে ফিরছিলেন। ফেরার সময় আচমকা গুলি খেয়ে পড়ে যান। কোন দিক থেকে গুলি করা হয়েছিল, বুঝতে পারেননি। এখনও তার গুলি বের করা সম্ভব হয়নি, বলছিলেন ফরিদের স্ত্রী শিরীন বেগম।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় আহত শেখ ফরিদের চিকিৎসা ও সংসার চালানো নিয়ে চিকিৎসাধীন স্বামীর বিছানার পাশে দিন কাটছে শিরীন বেগমের। রোববার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় আহত শেখ ফরিদের চিকিৎসা ও সংসার চালানো নিয়ে চিকিৎসাধীন স্বামীর বিছানার পাশে দিন কাটছে শিরীন বেগমের। রোববার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

শরীরে গুলি নিয়ে অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে উঠছিলেন ফরিদ। “ডাক্তার জানিয়েছেন গুলি তার খাদ্যনালীতে প্রবেশ করেছে। ভবিষ্যতে যদি গুলি এক পাশে চলে আসে, তাহলে অপারেশন করে ফেলা যাবে,” বলছিলেন শিরীন।

“তার আগ পর্যন্ত ওষুধ চালাতে হবে। আমরা গরিব মানুষ। আমরা এত ওষুধ কীভাবে চালাব? দিন এনে দিন খাই। এই চিকিৎসা করতেই তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের একটা ৯ বছরের ছেলে আছে, তার কী হবে?”

বলতে-বলতে মুখে হাত চেপে কাঁদছিলেন শিরীন।

দৈনিক মুক্ত খবর পত্রিকায় কাজ করতেন ৪৬ বছর বয়সী খোরশেদ আলম। সস্ত্রীক রামপুরায় থাকেন তিনি। ১৯ জুলাই আসরের নামাজ পড়তে বের হয়েছিলেন। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে পড়ে যান। এক পর্যায়ে গোলাগুলি শুরু হলে পিঠে, পেটে, অগ্নাশয়ে মোট চারটি গুলি বিঁধে তার শরীরে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মসজিদে নামাজ পড়তে বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মী খোরশেদ আলম। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববারের ছবি। 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মসজিদে নামাজ পড়তে বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মী খোরশেদ আলম। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববারের ছবি।

ঘটনার বর্ণনা দিয়ে খোরদেশের স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি আসরের নামাজ পড়তে বের হয়েছিলেন। এরপর আমি তো আর জানি না কী হয়েছে। আধাঘণ্টা পর আমাকে একজন ফোন দিয়ে বললেন, উনি গুলিবিদ্ধ হয়েছেন। তার অগ্নাশয় কেটে বাদ দিতে হয়েছে। পরে আবার অপারেশন করা লাগবে।“

“আমি নিজেই এখন অসুস্থ। আমার দুইটা মেয়ে। কষ্ট হয়ে যাচ্ছে আমার। বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হল।“

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আহত ১৩৮ জন এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তাদের আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি।”   

হাই কোর্টের রায়ে পর জুলাইয়ের শুরু থেকে কোটা বাতিলের আন্দোলন শুরু হলেও পরে তা কোটা সংস্কারের এক দফা দাবিতে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে তা ছড়িয়ে পড়ে আরও অনেক স্থানে। পরে আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচি ঘিরে এক পর্যায়ে তা সহিংসতায় গড়ায়।

কোটা সংস্কার আন্দোলনে সর্বাত্মক সমর্থনের ঘোষণা দেয় বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। শাটডাউনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। ছাত্রদের ঘোষিত কর্মসূচি না থাকলেও শাটডাউনের পরের কয়েকদিনও সাংঘর্ষিক পরিস্থিতি ছিল ভয়াবহ।

আন্দোলনকে ঘিরে সংঘাতের মধ্যে এক সপ্তাহে অন্তত দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে সংবাদমাধ্যমে। অবশ্য সরকার বলছে, তাদের কাছে ১৪৭ জন নিহতের খবর এসেছে।