যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের
রোববার সকালে যাত্রাবাড়ীর হাসেম রোডের পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনার ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে যাত্রাবাড়ীর হাসেম রোডের পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত মোহাম্মদ ইমরান (৩৫) একজন ফল বিক্রেতা, দুর্ঘটনার সময় তিনি কোথায় যাচ্ছিলেন বা তার বিষয়ে বিস্তারিত পুলিশ এখনও বিস্তারিত জানতে পারেনি।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ওই মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি লেগুনা। এতে ইমরান বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা ইমরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।
ইমরানের মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। পুলিশ ওই লেগুনা বা চালককে ধরতে পারেনি।
