তাকসিমের বিরুদ্ধে মামলায় ৩০ মে প্রতিবেদন দাখিলের আদেশ
১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন ওয়াসা কর্মচারী সমিতির সম্পাদক।
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে করা মামলায় আগামী ৩০ মে প্রতিবেদন দাখিলের জন্য দুদককে নির্দেশ দিয়েছে আদালত।
১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকসিমসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সরকার।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান অভিযোগের বিষয়ে শুনানি শেষে দুদককে আগামী ৩০ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ নেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মো. মুনজুর আলম।
গত বছরের ১০ নভেম্বর এই আদালতেই মামলাটি দায়ের হয়। তাকসিম ছাড়া আসামিরা হলেন- ঢাকা ওয়াসার প্রকৌশলী শারমিন হক আমীর, সাবেক রাজস্ব পরিদর্শক মিঞা মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো.আখতারুজ্জামান, রাজস্ব পরিদর্শক মো. জাকির হোসেন, প্রকৌশলী মো. বদরুল আলম, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শ্যামল বিশ্বাস, উপসচিব শেখ এনায়েত উল্লাহ ও উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সালেকুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা ওয়াসা কর্মচারী সমিতির তহবিলে ২০১৭ ও ১৯১৮ সালে ওয়াসার রাজস্ব আয় থেকে ১৩৩ কোটি টাকা জমা হওয়ার কথা। কিন্তু এই সময়ে সমিতির হিসাবে জমা হয় ১ কোটি ৭৯ লাখ টাবা। বাকি ১৩২ কোটি ৪ লাখ টাকা ছয়টি ব্যাংক থেকে বিভিন্ন চেকের মাধ্যমে তাকসিম খানের নির্দেশে অন্য আসামিরা তুলে আত্মসাত করেন।
এছাড়া সমিতির গাড়িসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমিতির হেফাজত থেকে নিয়ে প্রায় ২০০ কোটি টাকার সমমূল্যের সম্পদ আসামিরা আত্মসাৎ করেন বলেও বাদীর অভিযোগ।
আসামিদের এই ‘আত্মসাতের’ বিষয়টি সমবায় অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
