০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মোজাম্মেল বাবুর স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ

এদিন তার জামিনের আবেদন করা হয়নি, বলেন আইনজীবী মিসবাহ।

মোজাম্মেল বাবুর স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ

মোজাম্মেল হক বাবু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 06:31 PM

Updated : 01 Oct 2026, 06:30 PM

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল হক বাবুর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৬ জুলাই তার স্বাস্থ্য (পিএসএ) পরীক্ষা করা হলেও ওই প্রতিবেদন পরিবার বা আইনজীবীদের দেওয়া হয়নি।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৭ অক্টোবরের মধ্যে কারা কর্তৃপক্ষকে ওই প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে।

মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক।

শুনানি শেষে তার আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোজাম্মেল বাবু ২০২৩ সাল থেকে স্টেজ-৩ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এবং ওই বছরই তার অস্ত্রোপচার হয়েছিল। ক্যানসারের বর্তমান অবস্থা জানতে তার নিয়মিত রক্ত (পিএসএ) পরীক্ষা প্রয়োজন।

আইনজীবী মিসবাহ বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কারা কর্তৃপক্ষের উদ্যোগে ২০২৫ সালের ২৬ জুলাই তার পিএসএ পরীক্ষা করা হলেও ওই প্রতিবেদন পরিবার বা আইনজীবীদের দেওয়া হয়নি।

এ কারণে ট্রাইব্যুনালে আবেদন করে ওই প্রতিবেদন দাখিলের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নতুন করে পরীক্ষা করানোর আরজি জানানো হয়।

শুনানি শেষে আদালত আগের প্রতিবেদনটি দাখিলের নির্দেশ দিলেও নতুন করে স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেয়নি, বলেন আইনজীবী মিসবাহ।

এছাড়া এদিন মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবী।

আবেদনে কী বলা হয়েছে?

বৃহস্পতিবার ট্রাইব্যুনালে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, ক্যান্সারের অস্ত্রোপচারের পর থেকে মোজাম্মেল বাবুর প্রস্রাবের নিয়ন্ত্রণজনিত সমস্যা রয়েছে এবং কারাগারে থাকাকালে তিনি প্রয়োজনীয় ‘পেলভিক ফ্লোর’ ফিজিওথেরাপি নিতে পারেননি।

আবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চ থেকে তিনি ত্বক ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তার মুখের ডান পাশে একটি তিলের আকার গত দুই বছরে বেড়েছে, যা এখনো চর্মরোগ বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হয়নি।

এ ছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিপিডের সমস্যা, শ্বাসকষ্ট (সিওপিডি) এবং মেরুদণ্ড ও জয়েন্টের অবক্ষয়জনিত রোগে ভুগছেন বলে আবেদনে তুলে ধরা হয়েছে।

তার বর্তমান স্বাস্থ্য, বিদ্যমান রোগ, অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা ও চলমান চিকিৎসার বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য অনকোলজি ও ইউরোলজিসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করানোর আবেদন করা হয়।

শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম।

সেদিন সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।

গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ অগাস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে।

ওই বছর ১৬ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মোজাম্মেল হক বাবুকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

গত ১৪ মে শাপলা চত্বরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলায় তার বিরুদ্ধে একাত্তর টেলিভিশনের ‘সমীকরণ’ নামে একটি সম্প্রচারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া জুলাইয়ের গণআন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।