২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'পলাতক খুনিদের আপিল মঞ্জুরের কারণ নেই'

বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে পলাতক ছয়জন আপিল আবেদন করলেও আদালতে তা মঞ্জুর হবে না বলে মনে করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 11:01 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে পলাতক ছয়জন আপিল আবেদন করলেও আদালতে তা মঞ্জুর হবে না বলে মনে করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আইন অনুযায়ী আপিল আবেদন করার সময় বিলম্বের জন্য সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ দেখাতে হয়। পলাতকরা তা দেখাতে পারবেন না বলে মত মন্ত্রীর। বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ বৃহস্পতিবার কার্যকর হয়। এর আগে গত ১৯ নভেম্বর তাদের আপিল আবেদন খারিজ করে সর্বোচ্চ আদালত। মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিক শুক্রবার বলেন, "আমার মনে হয় না এখানে তেমন কোনো নির্দিষ্ট কারণ আছে। তাই একজন আইনজীবী হিসেবে আমি মনে করি তাদের আপিল গৃহীত হবে না।" এর মানে দাঁড়ায় পলাতকদের দেশে ফেরানো গেলে তাড়াতাড়িই দণ্ডাদেশ কার্যকর করা যাবে। সরকারের কয়েকজন মন্ত্রী বৃহস্পতিবার জানান, পলাতকদের দেশে আনার চেষ্টা চলছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা থেকে বেরিয়ে আইনমন্ত্রীও সাংবাদিকদের বলেন, "সরকার পলাতক খুনিদের বর্তমান অবস্থান জানতে ও তাদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ইন্টারপোল 'রেড অ্যালার্ট' জারি করেছে এবং বিভিন্ন দিকে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।" পলাতক খুনিরা পাকিস্তান, কানাডা ও লিবিয়ায় আছেন বলে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/এমআই/১৬৫৫ ঘ.