২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুদার দাফন হলো চুয়াডাঙ্গায়

বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 08:43 AM

Updated : 24 Aug 2022, 06:27 PM

চুয়াডাঙ্গা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা হুদার লাশ আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া গ্রামে পৌঁছায় সকাল সোয়া ৯টায়। লাশ গ্রহণ করেন তার চাচাতো ভাই নুরুল হুদা। বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হুদাসহ পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। এরপর লাশগুলো অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে দুপুর ২টায় দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে হুদার লাশ দাফন করা হয়। দাফনের আগে হাট বোয়ালিয়া স্কুল মাঠে তার প্রথম জানাজায় অংশ নেয় হাজার খানেক গ্রামবাসী। দুপুরে জোহরের নামাজের পর নগর বোয়ালিয়া কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে হুদাকে দাফন করা হয়। রায় পর্যালোচনায় হুদাসহ পাঁচজনের আবেদন বুধবার খারিজ হয়। এর আগে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন; তবে তা-ও নাকচ হয়। বিতর্কিত রাজনৈতিক দল ফ্রিডম পার্টির প্রার্থিতায় এরশাদ আমলে সংসদ সদস্য হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা হুদা। হুদার স্বজনরা বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে শেষ দেখা করেন। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় হুদাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.