২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুদার দাফনের প্রস্তুতি চলছে চুয়াডাঙ্গায়

বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার লাশ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 04:59 AM

Updated : 24 Aug 2022, 06:27 PM

চুয়াডাঙ্গা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার লাশ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। হুদার লাশ আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া গ্রামে পৌঁছায় সকাল সোয়া ৯টায়। লাশ গ্রহণ করেন তার চাচাতো ভাই নুরুল হুদা। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে লাশ দাফনের প্রস্তুতি চলছে। লাশ দেখতে ভিড় জমিয়েছে কয়েক হাজার গ্রামবাসী। বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হুদাসহ পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। এরপর লাশগুলো অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে। রায় পর্যালোচনায় হুদাসহ পাঁচজনের আবেদন বুধবার সকালে খারিজ হয়। এর আগে হুদা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন; তবে তা-ও নাকচ হয়। বিতর্কিত রাজনৈতিক দল ফ্রিডম পার্টির প্রার্থিতায় এরশাদ আমলে সংসদ সদস্য হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা হুদা। হুদার স্বজনরা বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে শেষ দেখা করেন। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় হুদাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৪ ঘ.