২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় শাহরিয়ারকে দাফন

বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানকে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 12:53 AM

Updated : 24 Aug 2022, 06:27 PM

পীযূষ কান্তি আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানকে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকাল পৌনে ৭টার দিকে তার লাশ ঢাকা থেকে কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে পৌঁছায়। লাশ যাওয়ার পর সন্তানের মৃত্যুর খবর জানানো হয় তার শতবর্ষী বাবা হারুনূর রশিদ ফিরোজ খানকে। এর আগে ভোরে বাড়িতে যান শাহরিয়ারের ছোট ভাই মামুনুর রশিদ খানসহ ঢাকায় থাকা আত্মীয়-স্বজনরা। মৃত্যুদণ্ড কার্যকরের খবর পেয়ে রাতেই কবর খুঁড়ে রাখা হয়। জানাজা কড়া পাহারায় সকাল সাড়ে ৭টায় পারিবারিক কবরস্তানে মায়ের কবরের পাশে দাফন করা হয় সাবেক সেনা কর্মকর্তা শাহরিয়ারকে। বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শাহরিয়ারসহ পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। এরপর লাশগুলো অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে। রায় পর্যালোচনায় শাহরিয়ারসহ পাঁচজনের আবেদন বুধবার সকালে খারিজ হয়। পাঁচজনের মধ্যে চারজন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করলেও শাহরিয়ার তা করেননি। এ বিষয়ে তার মেয়ে শাহনাজ রশিদ খান বুধবার কারাগারে বাবার সঙ্গে শেষ দেখার পর সাংবাদিকদের বলেন, "বাবা বলেছেন তিনি কোনো অন্যায় করেননি। তাই ক্ষমা চাইবেন না তিনি।" গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় হুদাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.