ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বঙ্গবন্ধুর খুনি সৈয়দ ফারুক রহমানের করা আবেদনটি নাকচ হয়েছে।
বুধবার রাত ১০টার কিছু পরে তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জানায়, রাষ্ট্রপতির কাছে করা সৈয়দ ফারুক রহমানের প্রাণভিক্ষার আবেদন তিনি নাকচ করেছেন। এতে নিশ্চিত করে আরো বলা হয়, আরেক সাজাপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদ খান প্রাণভিক্ষার আবেদন করেন নি।
এর আগে বুধবার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সৈয়দ ফারুক রহমানের করা আবেদনটি প্রত্যাখান করেছেন।"
বুধবার বিকালেই শেষ মুহূর্তে করা ফারুকের প্রাণ ভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, ফারুক রহমান বিকালে প্রাণ ভিক্ষার আবেদন করেন।
তবে সুলতান শাহরিয়ার রশিদ খান প্রাণ ভিক্ষার আবেদন করবেন না বলে জানিয়েছেন, বলেন ওই কর্মকর্তা।
শাহরিয়ার রশিদের মেয়ে শাহনাজ রশিদ খান বুধবার সন্ধ্যায় কারাফটকে সাংবাদিকদের বলেন, "গতবার যখন বাবার সঙ্গে দেখা করেছিলাম, তখন বাবা বলেছেন- তিনি কোনো অন্যায় করেননি, সুতরাং তিনি কারো কাছে ক্ষমা চাইবেন না।"
কারাবন্দি অপর তিন খুনির তিনজন- এ কে এম মহিউদ্দিন, মহিউদ্দিন আহমেদ ও বজলুল হুদা এর আগে প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও তা নাকচ হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ফারুক রহমান ইংরেজিতে লেখা তার প্রাণ ভিক্ষার আবেদনে তিনটি বলেছেন। তিনি বলেছেন, প্রথমত তার অবর্তমানে তার বৃদ্ধা মা মাহমুদা রহমানকে দেখার কেউ নেই। দ্বিতীয়ত তিনি একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে কাজ করেছেন এবং তৃতীয়ত ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগেই বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়। আর ১৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি দুঃখিত।
ফারুকের বাড়ি নওগাঁয়। বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে গড়া রাজনৈতিক দল ফ্রিডম পার্টির চেয়ারম্যানও তিনি। এরশাদ আমলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেন।
ফারুকের মা মাহমুদা রহমান বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছেলে ফারুকের সঙ্গে দেখা করেছেন।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চ সকালে ফারুকসহ পাঁচ জনের রিভিউ আবেদন খারিজের আদেশ দেয়।
এরপর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ৩১ জানুয়ারির মধ্যে পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হবে।
গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স
bdnews24