২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতি না থাকার বেদনা যে কত কষ্টের

পঁচাত্তরের ১৫ আগস্ট মা সামসুন্নেসা আরজু মনি স্বামী শেখ ফজলুল হক মনিকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ঘাতকের বুলেট কেড়ে নেয় তাদের দু'জনকে। মা-বাবা হারানোর ব্যথা নিয়ে লিখেছেন আজকের সাংসদ শেখ ফজলে নূর তাপস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 09:35 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

শেখ ফজলে নূর তাপস ১৫ আগস্ট ১৯৭৫। তখনও চার বছর পূর্ণ হয়নি আমার। মাকে ছাড়া এক মুহুর্তও থাকতে পারতাম না আমি। সারা দিন মার পিছনে পিছনে লেগে থাকতাম। একটুও চোখের আড়াল হতে দিতাম না। মা বাথরুমে গেলে দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম। দরজা ধাক্কাতাম, কখন মা বেরিয়ে আসবে। আমার মা সামসুন্নেসা আরজু মনি। স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে স্বামীর সামনে এসে দাঁড়িয়েছেন, ঘাতকের নির্মম বুলেট নিয়েছেন নিজের বুকে ও পেটে। তবুও স্বামীকে বাঁচাতে পারেননি। অন্তঃসত্ত্বা অবস্থায় উৎসর্গ করেছেন তার প্রাণ, রেখে গেছেন দুই অবুঝ সন্তান পরশ ও তাপস। মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় দুই সন্তানের কথা মনে করে চোখের পানি ফেলেছেন। শেষ নিশ্বাস ত্যাগের মুহুর্তে পাশে বসা দেবর শেখ ফজলুল করিম সেলিমকে শুধু বলে গেছে সেলিম ভাই, আমার পরশ-তাপসকে দেইখেন। দেবর শেখ সেলিম তার ভাবীর সেই অনুরোধ অক্ষরে অক্ষরে পালন করেছেন। বুকের মধ্যে আঁকড়ে ধরে লালন পালন করেছেন বড় ভাই শেখ ফজলুল হক মনির দুই সন্তান পরশ ও তাপসকে। উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। শেখ ফজলে সামস পরশ উচ্চ শিক্ষা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে অধ্যাপনা করছেন। এক অবুঝ সন্তানের বাবা-মাকে পাবার প্রবল আকাঙ্খা এবং তাদের খুঁজে বেড়ানোর কথা লিখতে হচ্ছে। না কি লিখব তার লুকিয়ে নীরবে ডুকরে ডুকরে কাঁদার কথা। না কি তার সব কষ্ট সহ্য করার প্রবল শক্তি অর্জনের কথা, না কি লিখব তার বুকের প্রতিহিংসার আগুনের কথা। আমি জানি না, তবুও লিখতে বসেছি। মার দুটি গান খুব প্রিয় ছিল এবং দুটিই তিনি আমাদের ঘুম পাড়ানোর সময় গাইতেন: ১.পরশ/তাপস সোনা বলি শোন থাকবে না আর দুঃখ কোন মানুষ যদি হতে পার। ২. ও তোতা পাখিরে, শিকল খুলে উড়িয়ে দিব আমার মাকে যদি এনে দিস সবাই বলে ওই আকাশে........ আমার বড় চাচী ফাতেমা সেলিম আমাদের এই দুটি গান গেয়ে শুনাতেন এবং ঘুম পাড়াতেন। মার সব গল্প বলতেন। দাদী, নানী, খালা এবং ফুফুদের কাছ থেকেও মার গল্প শুনেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার কাছ থেকেও মার গল্প শুনেছি। পিতা-মাতা হারানোর বেদনা আমি রন্ধ্রে রন্ধ্রে অনুধাবন করছি। মা....। মার স্মৃতি বলতে আমার শুধু এক সেকেন্ডের কম হবে এমন একটি মুহুর্ত আবছা মনে পড়ে। আমার মা মাস্টার্স পরীক্ষা দেওয়ার আগে পড়াশোনার জন্য কিছুদিন নানা আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় ছিলেন। সেই সময়ের কোনো একদিন মা পড়ছিল আর আমি আরিফ মামার সঙ্গে খেলছিলাম। আরিফ মামা আমাকে ধরতে আসছিল, আর আমি মার কাছে দৌঁড়ে যাচ্ছিলাম। এ রকম একটি মুহুর্তে আরিফ মামা আমাকে ধরতে এলো আর আমি মার কাছে দৌঁড়ে গেলাম। ... মা টেবিলে মনোযোগ দিয়ে পড়ছিল। শুধু মনে পড়ে আমি দৌঁড়ে মার চেয়ার ধরলাম আর মা হাসি মুখে তাকাল। আজ স্বপ্নের মতো লাগে আমার কাছে সেই মুহুর্ত.... আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহুর্ত। আমার সবচেয়ে বড় কষ্ট মার কোনো স্মৃতি নেই আমার। আমি মনে করতে পারি না মার হাসি ভরা মুখ তার আদর আলিঙ্গন, ভালবাসা, রাগ দুঃখ-কান্না। মনে করতে পারি না, গান গেয়ে ঘুম পাড়ানো, আমাকে গোসল করানো, পড়তে বসানো, কোলে নিয়ে চুল আচড়ানো। আজ দেখতে দেখতে ৩৩ বছর পেরিয়ে গেল চার বছরের সেই অবুঝ ছোট ছেলেটি আজ ৩৭ বছরের যুবক। ৩৩ বছর ধরে খুঁজে ফিরছি মায়ের স্মৃতি। মায়ের হাসি আদর আলিঙ্গন ভালবাসা। অবুঝ বয়সেই বুঝতে পেরেছি যে পাব না। মাকেও না তার স্মৃতিও না। জেনেছি কঠিন সত্য জীবনে চাইলেই সবকিছু পাওয়া যায় না। বুকের ভিতরে কষ্ট চেপে সহ্য করতে শিখেছি..... নীবরে ডুকরে ডুকরে কেঁদেছি। জানতে দেইনি কাউকে। অনেকে বলে, স্মৃতি তুমি বেদনার। আমি বলি, স্মৃতি না থাকার বেদনা যে কত কষ্টের তা কেউ বুঝবে না। আমাকে একটু আমার মায়ের স্মৃতি দাও। আমি তাই নিয়ে বেঁচে থাকি। (আওয়ামী যুবলীগের একটি প্রকাশনা থেকে)