২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর কী

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায় ঘোষণার পর কী হবে- আইনজ্ঞদের কাছেই উত্তর শুনুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 08:54 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায়ের পর সংক্ষুব্ধ পক্ষ ওই বিভাগেই রিভিউ আবেদন করতে পারে। রায়ে আসামিদের ফাঁসির আদেশ বহাল থাকলে এবং রিভিউ আবেদন খারিজ হলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবে। তাও খারিজ হলে আইন অনুসারে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির ২১ দিন পর এবং ২৮ দিন অতিবাহিত হওয়ার আগে ফাঁসি কার্যকর করার নিয়ম রয়েছে। আইনজীবীরা এসব তথ্য জানিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর মামলা করা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। এদের পাঁচজন ২০০৭ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। আপিল নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন শুনানি শুরু হয়। সেই রায় হচ্ছে বৃহস্পতিবার। বঙ্গবন্ধু মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল খারিজ হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ পাবে। সাত দিনের মধ্যে এই আবেদন দায়ের করতে হয়।" আসামিরা রিভিউ আবেদন দায়ের করারও সুযোগ পাবে জানিয়ে বলেন, আবেদন দায়েরের পর তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত থাকে। তা না হলে তাদের আবেদন অকার্যকর হয়ে যায়।" সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবিধানের ১০৫ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আপিল বিভাগের রায় বা আদেশের বিরুদ্ধে ওই আদালতেই ৩০ দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক বিচারপতি সৈয়দ আমীর উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিভিউ আবেদনে রায় স্থগিত করার কোন আদেশ হয় না। এ আবেদন দায়ের করার পর অ্যাডভোকেট অন রেকর্ড রাষ্ট্র ও জেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে রায় কার্যকর স্থগিত হয়ে যায়।" এটা কতোদিনের মধ্যে নিষ্পত্তি হবে এর কোন সময়সীমা নেই জানিয়ে তিনি বলেন, এটি আদালতের এখতিয়ার। তবে ফৌজদারি মামলায় কেবল রেকর্ডে যদি কোনো ভুল পাওয়া যায়, সেক্ষেত্রেই রিভিউ হয় এবং তা খুব কমই মঞ্জুর হয়। "আসামিদের রিভিউ আবেদন খারিজ হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অবিলম্বে এই আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবে।" বিচারপতি আমীর বলেন, "এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকরের জন্য লাল কালিতে লেখা চিঠি প্রস্তুত করা হবে। ফাঁসি কার্যকরের বিষয়টি দণ্ডপ্রাপ্তদের জানানোর সাত দিনের মধ্যে তারা মার্সি পিটিশন করতে চাইলে তা করতে পারবেন। এটা নিষ্পত্তি কতদিনে হবে তার কোন সময়সীমা নেই। তবে সাধারণত রাষ্ট্রপতি বিষয়টি দ্রুত নিষ্পত্তি করেন।" তিনি জানান, মার্সি পিটিশন খারিজ হলে তা আসামিদের ও কারা কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেবে কারা কর্তৃপক্ষ। কবে ফাঁসি কার্যকর করা হবে তার দিনও ঠিক করবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/০২০০ ঘ.