২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক 'খুনীদের' নিয়ে আলোচনা চলছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ৯ পলাতক আসামীর ব্যাপারে করণীয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ৯ পলাতক আসামীকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এ পলাতকরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। এদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে 'রেড নোটিশ' জারি করা রয়েছে। তাদের কাউকেই ১৯ নভেম্বর রায়ের আগে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় এটা কার্যত নিশ্চিত। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তা ছাড়া এখনো নিশ্চিত নয় কে কোন দেশে আছে। আর জানা গেলেও স্বল্প সময়ের মধ্যে তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। অনেক নিয়মকানুন আছে।" আসামীদের অবস্থান জানা এবং তাদের গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য ইন্টারপোলের সদস্য দেশ হিসাবে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে প্রথমে ১৫ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার আবেদন করে। সে অনুযায়ী এই ১৫ জনের নামে রেড নোটিশ জারি হয় এবং তা নিয়মানুযায়ী ৫ বছর বহাল থাকে। কিন্তু নবায়ন করা না হওয়ায় ৫ বছর পর আপনা থেকেই রেড নোটিশ থেকে ওইসব নাম বাদ হয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা হাসিব আজিজ। এরই মধ্যে ৫ জন গ্রেপ্তার হওয়ায় এবং একজন মারা যাওয়ায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেড নোটিশ হালনাগাদ করে চলতি বছরের আগস্ট মাসে ৯ জনের নাম দেওয়া হয়। ইন্টারপোলের চারটি শাখার মধ্যে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) একটি। ইন্টারপোলের সদস্য হিসাবে বাংলাদেশেও এনসিবির শাখা রয়েছে। পুলিশ সদর দপ্তরের একজন সহকারি মহাপুলিশ পরিদর্শক (এআইজি) এর দায়িত্বে রয়েছেন। এনসিবির দায়িত্বপ্রাপ্ত এআইজি হাসিব আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান, বর্তমানে ৯ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে। এই ৯ জন হচ্ছেন অবসরপ্রাপ্ত লে.কর্নেল এফ এইচ এম বি নূর চৌধুরী, লে. কর্নেল (বরখাস্ত) শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল খন্দকার আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত লে.কর্নেল এমএ রাশেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর আহমদ শরফুল হোসেন, রিসালদার মোসলেম উদ্দিন ওরফে মোসলেম খান, ক্যাপ্টেন মো. কিসমত হাশেম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। হাসিব আজিজ জানান, লে.কর্নেল আজিজ পাশা মারা যাওয়ায় তার নাম রেড নোটিশ থেকে বাদ দেওয়া হয়েছে। পলাতকদের সর্বশেষ অবস্থান জানার এবং গ্রেপ্তারের ব্যাপারে সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে এবং বেশ অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। তবে হাসিব আজিজ বলেন, তারা কোথায় এবং কোন দেশে অবস্থান করছেন তা 'বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে' প্রকাশ করা ঠিক হবে না। এনসিবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পরিচয় না প্রকাশের শর্তে বলেন, সংশ্লিষ্ট দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকলে পলাতকদের অবস্থান জানা গেলেও তাদের ফিরিয়ে আনায় কতটুকু সাফল্য পাওয়া যাবে তা কেবল সময়ই বলতে পারে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই মৃত্যুদণ্ড প্রথা উঠে গেছে বলে মানবাধিকার সংগঠনগুলো এব্যাপারে সক্রিয় রয়েছে। এ অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা এর সুযোগ নিতে পারে। এ কর্মকর্তাটি জানান, পলাতক লে. কর্নেল নূর চৌধুরীর সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তার নাম নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। ফলে নাম যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট দেশে পাঠানো হচ্ছে। একাধিক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, খন্দকার আবদুর রশিদ পাকিস্তানে, মোসলেহউদ্দিন থাইল্যান্ডে, রাশেদ চৌধুরী দক্ষিণ আফ্রিকায়, নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে, শরিফুল হক ডালিম ও আহমদ শরফুল হোসেন কানাডায়, আবদুল মাজেদ কেনিয়ায়, কিসমত হাশেম পাকিস্তানে এবং নাজমুল হোসেন আনসার লিবিয়ায় রয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৩৯ঘ.